ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়, মৃত ১১

মঙ্গলবার সকালে মধ্য প্রদেশের হরদা জেলার বৈরাগঢ় গ্রামের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। বিকট আওয়াজে আশপাশের মানুষজন আতঙ্কে বাইরে বের হয়ে আসে। দেখে পুরো কারখানা দাউ দাউ করে জ্বলতে। এই সময় কারখানা থেকে চিৎকার শোনা গিয়েছিল। ঘটনার সময় বাজি কারখানায় প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন বলে দাবি করা হয়েছে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। বৈরাগঢ় গ্রামের পার্শ্ববর্তী নর্মদাপুরম জেলার সিওনি মালওয়া এলাকায় কম্পন অনুভূত হয়েছিল বলে জানা গিয়েছে।

বাজি কারখানায় বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আসে ফায়ার ব্রিগেডও। দমকল কর্মীরা কারখানা থেকে মৃতদেহগুলি উদ্ধার করে। এছাড়া জখমদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্স করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জখমদের বিমানে করে ভোপাল, ইন্দোরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে হরদা জেলা প্রশাসন। এইমস ভোপালের বার্ন ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিস্ফোরণে উদ্বেগ প্রকাশ করেছেন। এ নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছেন তিনি। খোঁজ খবর নিয়েছেন পরিস্থিতির। মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশের পাশাপাশি জখমদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন।