“বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু খায় হয়তো”-রাহুলকে জোর কটাক্ষ করলেন মমতা

কেন্দ্রীয় বকেয়া টাকার দাবিতে শুক্রবার থেকে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার দাবি জানানোর পরও কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং ইন্ডিয়া জোটের অংশীদার হলেও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণকারী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সাথে বসে বিড়ি বাঁধতেও দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে নিশানা করে বলেছেন, “৪০টা আসন তুমি পাবে কি না জানি না। আজ তোমার এত অহঙ্কার।”
মমতা বলেন, “আমরা ২টো আসন দিতে চেয়েছিলাম। আমি তাও বলেছিলাম, দুটো দেব। তোমাদের জিতিয়েও দেব। বলল হবে না। আমি বললাম কটা চাই, ৪২টা? রিজেক্টেড। তার পর থেকে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই, কথাও হয়নি। যোগাযোগ নেই।”
নাম না নিয়ে রাহুলকে নিশানা করে মমতা বলেন, ,’বাবা..বসন্তের কোকিলরা চলে এসেছে। এখন নির্বাচন এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশ্যুট করছে। এরা চা বানাতেই জানে না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কী বোঝেই না! বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়। তা খেতেই পারে, আমাদের গ্রামের লোকেরা অনেকে বিড়ি খায়। এটা নিয়ে আমি বলছি না।’
মমতা আরও বলেন, “বাংলায় প্রোগ্রাম করতে এসেছে। আমরা নাকি ইন্ডিয়া জোট। একবার তো তথ্য দেবে যে অমুক দিন থেকে বাংলায় প্রোগ্রাম করতে যাচ্ছি। আমাকে তো কেউ বলেনি। আমি প্রশাসন সূত্রে জেনেছি। ডেরেককে ফোন করে বলেছে, আমাদের গাড়িটা পাশ করিয়ে দাও।’
মমতা বলেন, ‘আমাকে একবারের জন্যও জানায়নি। বুকের পাটা থাকলে উত্তরপ্রদেশের বেনারসে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো… রাজস্থান, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। মণিপুরে যখন অশান্তি তখন কোথায় ছিলে? আমরাই কিন্তু টিম পাঠিয়েছিলাম।’