৮ মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেল আটক হওয়া সেই চীনা গুপ্তচর কবুতর

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে গত আট মাস পশু হাসপাতালে আটক রাখা হয়েছিল একটি কবুতরকে। অবশেষে সেটিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

মুম্বাইয়ের আরসিএফ (রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার) থানার এক কর্মকর্তা জানিয়েছেন, পারেলের একটি পশু হাসপাতালে রাখা হয়েছিল কবুতরটিকে। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ কবুতরটিকে ছেড়ে দেওয়ার আবেদন জানান পুলিশের কাছে। পরের দিন পুলিশের অনুমোদন পেয়ে সেটিকে ছেড়ে দেওয়া হয়।

গত বছর মে মাসে পির পাও জেটি থেকে কবুতরটিকে আটক করে আরসিএফ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কবুতরটির পায়ে ছিল দু’টি রিং। একটি তামার, অন্যটি অ্যালুমিনিয়ামের। কবুতরটির দুই ডানার নীচেই চীনা লিপিতে কিছু লেখা ছিল। থানায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তাতে জানতে পারে, তাইওয়ানে ওড়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কবুতরটি। তাতেই পথ ভুল করে দেশের বাইরে চলে গিয়েছিল সেটি। তার পর কোনও ভাবে এসে পড়ে মুম্বাইয়ে। তদন্ত শেষে কবুতরর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ খারিজ করা হয়। পুলিশ অনুমতি দিলে তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্র: ইকোনমিক টাইমস