“আলোচনা আপাতত স্থগিত!”-মমতার ‘একলা চলো’-র পালটা দিলেন জয়রাম রমেশ

বাংলায় ইন্ডিয়া জোটের আসন সমঝোতা আপাতত স্থগিত রয়েছে বলে খবর দিয়েছে কংগ্রেস সূত্র। এর আগে কংগ্রেসের সম্পাদক জয়রাম রমেশ বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোটের কথা ভাবাই যায় না।”
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে একলা লড়াইয়ের ডাক দিলেও কংগ্রেস কিন্তু নাছোড়বান্দা ছিল। কিন্তু অধীর চৌধুরীকে বাংলায় ইন্ডিয়া জোটের সমঝোতা অনিশ্চিত হওয়ার জন্য দায়ী করায় কংগ্রেসের মনোভাব ধীরে ধীরে বদলাতে শুরু করেছে বলে অনুমান রাজনৈতিক মহলের।
জয়রাম রমেশ বলেন, “কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। একতরফা পাওয়া যায় না।” তিনি বলেন, “ইন্ডিয়া জোটের নির্মাতা যেমন মল্লিকার্জুন খাড়গে, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্দেশ্য বাংলায় BJP-কে হারানো। কংগ্রেসেরও তাই উদ্দেশ্য। কেন্দ্র থেকে এবং সমস্ত রাজ্য থেকে BJP-কে উৎখাত করা। যখন সবার উদ্দেশ্য এক তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়।”
অধীর চৌধুরীকে বাংলায় ইন্ডিয়া জোটের সমঝোতা অনিশ্চিত হওয়ার জন্য শাসকদলের নেতারা দায়ী করেছেন। ডেরেক ও’ব্রায়েন বলেছিলেন, “বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ার তিনটি মূল কারণ, অধীর চৌধুরী, অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী।”