BigNews: ১১,৭৬৫ প্রাথমিক শিক্ষক নিয়োগ সময়ের অপেক্ষা, রাজ্যসরকার দিলো সুখবর

রাজ্যে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে রাজ্য সরকার। রাজ্যের তরফে ১১,৭৬৫ জনের নিয়োগ পত্র প্রস্তুত করে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট আজ, সোমবার স্থগিতাদেশ তুলে দিকেই চাকরিপ্রার্থীদের নিয়োগের কাজ শুরু করবে রাজ্য সরকার।
রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, কাউন্সেলিং, ইন্টারভিউসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় ছিল রাজ্য সরকার। আজ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ তুলে নিলেই দ্রুততার সঙ্গে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ২০২০ সালে ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার পর ২০২২ সালের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে সেই সব চাকরি প্রার্থীরা মার্কশিট হাতে পাননি। পরবর্তীকালে সেই সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরিতে সুযোগ পাবেন কি না, এ নিয়ে কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। এর ফলেই ২০২২-এর নিয়োগ প্যানেলে স্থগিতাদেশ জারি হয়।
কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে মন্তব্য প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, চাকরি প্রার্থীদের চাকরি দিতে সরকার প্রস্তুত রয়েছে। কিন্তু আদালতে মামলা চলার কারণে চাকরি প্রার্থীদের নিয়োগ করা যাচ্ছে না। হাতজোড় করে নতুন নিয়োগের বিষয়ে আদালত অনুমতি দিক বলে আবেদন জানান তিনি।
শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠক হয়েছিল চাকরিপ্রার্থীদের। সেই বৈঠকেও দ্রুত নিয়োগের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছিল।
যাইহোক, আজ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ।