সিভিক ভলান্টিয়ারদের ইউনিফর্ম বদল নিয়ে শুরু জল্পনা, জেনেনিন নতুন রং?

পুলিশের সহায়তাকারী হিসেবে কাজ করা সিভিক ভলান্টিয়ারদের পোশাক বদলের পরিকল্পনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আকাশি জামা-নীল প্যান্টের পরিবর্তে তাদের খাঁকি উর্দি পরানো হবে কিনা, সে বিষয়ে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারা নবান্নে প্রস্তাব পাঠাতে পারেন বলে জানা গেছে।

কেন খাঁকি উর্দি?

পুলিশের একটি সূত্র বলছে, বিভিন্ন জায়গায় ডিউটি করার সময় সিভিক ভলান্টিয়ারদের পোশাক দেখেই চিহ্নিত করা যায়। সেই কারণে, অশান্তির জায়গায় খুব সহজেই চিহ্নিত হয়ে যান সিভিক ভলান্টিয়াররা। রাজ্য পুলিশের সঙ্গে তাঁরা সরাসরি যুক্ত নয় বা রাজ্য পুলিশের স্থায়ী কর্মী নয় বলে তাঁদের উপর আক্রমণ করা হয় মাঝেমধ্যেই। বিক্ষুব্ধ জনতার সফট টার্গেট হয়ে যাচ্ছেন সিভিক ভলান্টিয়াররা। সেই কারণেই এই পোশাক বদলের কথা ভাবা হচ্ছে।

সিভিকদের দাবি পূরণ

ইতিমধ্যে সিভিকদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি পূরণে সচেষ্ট থেকেছে নবান্ন। রাজ্য পুলিসে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও কর্মবন্ধুদের মোট সংখ্যা দু’লাখেরও বেশি। আইন শৃঙ্খলা দায়িত্ব সামলানোর জন্য আদালতের নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করার অনুমতি নেই। তবে অন্যান্য ট্রাফিক সংক্রান্ত কাজে তাঁদের ব্যবহার করা হয়। তবে কোনও জায়গায় অশান্তি, জনরোষ দেখা দিলে সিভিকদের উপর আক্রমণ করা হয় বিভিন্ন জায়গায়। সেই কারণে উর্দি পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে, যাতে তাঁদের আলাদা করে চিহ্নিত করা না যেতে পারে।

সিভিকদের প্রতিক্রিয়া

সিভিকদের সংগঠন জানায়, খাঁকি পোশাক পড়লে তাঁদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। তবে, এই পরিকল্পনার পরিপন্থী কিছু মত উঠে আসছে। অনেকেই বলছেন, নির্বাচনের আগে সিভিকদের পোশাক বদলে দিয়ে ঘুরপথে তাঁদের কাজে লাগানোর চিন্তাভাবনা করা হচ্ছে। আইনের চোখকে ফাঁকি দিয়ে তাঁদের ভোটের কাজে ব্যাবহার করা হতে পারে বলে জানাচ্ছেন বিরোধীরা।