রাম মন্দিরে উপচে পড়া ভিড়! ভক্তদের সুবিধার্থে দর্শন-আরতির সময়সূচি প্রকাশ করলো কর্তৃপক্ষ

অযোধ্যায় রাম মন্দিরের দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ছে। রামলালার দর্শন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেও দ্বিধা করছেন না ভক্তরা। দূরদূরান্ত থেকে ছুটে আসছেন রামলালার দর্শনে।

জানা গেছে, এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ রাম মন্দির দর্শন করেছেন। ইতিমধ্যেই রাম মন্দিরের অনুদান হিসেবে জমা পড়েছে প্রায় ৩.৭ কোটি টাকা।

ভক্তদের সুবিধার্থে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে আরতি ও দর্শনের সময় প্রকাশ করেছে।

রামলালার দর্শন ও আরতি সময়সূচি

শ্রিংগার আরতি: ভোর সাড়ে ৪টা

মঙ্গলারতি: সকাল সাড়ে ৬টা

ভোগ আরতি: দুপুর ১২টা

সন্ধ্যারতি: সন্ধ্যা সাড়ে ৭টা

শয়ন আরতি: রাত ১০টা

ভিড় সামলাতে নাজেহাল প্রশাসন

রাম মন্দির খোলার পর থেকে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় মন্দির কর্তৃপক্ষ থেকে পুলিশ-প্রশাসনের। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রাম মন্দিরের ভিড় সামাল দিতে লখনউয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই আপাতত অযোধ্যা আসার বাস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

অন্যদিকে, ভক্তদের মন্দিরে প্রবেশ ও বেরোনোর জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়।

রাম মন্দির দর্শনার্থীদের ভিড় সামলাতে রাম মন্দির কর্তৃপক্ষ দর্শনের সময় বাড়িয়ে দিয়েছে। যাতে সকল দর্শার্থী সুস্থভাবে রামলালার দর্শন করতে পারেন, সেই জন্যেই এই সিদ্ধান্ত।