মায়ের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে, মধ্যবিত্ত পাত্রের ব্যয়বহুল আয়োজন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বরইচারা গ্রামের সৌদিপ্রবাসী কাউসার আহমেদ মায়ের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন। তাঁর বাড়ি থেকে স্ত্রীর বাড়ির দূরত্ব মাত্র তিন কিলোমিটার।
বুধবার দুপুরে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে পৌঁছান কাউসার। সেখানে হেলিকপ্টার থেকে নেমে মোটরসাইকেলে করে কনের বাড়িতে যান তিনি। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজের গ্রামে ফিরে আসেন।
কাউসারের বাবা বাচ্চু মিয়া জানান, তাঁর স্ত্রী পারভিন বেগমের শখ ছিল ছোট ছেলে কাউসার আহমেদ হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। তাঁর স্ত্রী মারা গিয়েছেন করোনার সময়ে। তাঁর ইচ্ছা পূরণ করতেই এই রকম আয়োজন করা হয়।
কাউসার আহমেদ জানান, তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করছি। মায়ের ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করতে যাই। মা নেই, কিন্তু মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে।
মাত্র কয়েক ঘণ্টার জন্য নেওয়া হয়েছিল সেই হেলিকপ্টার। এতে খরচ হয় কয়েক লাখ টাকা। কিন্তু এই বিয়ের এমন আয়োজন দেখে অবাক হয়েছেন গ্রামবাসীরা। তাঁরা জানান, সেই অঞ্চলে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়া এবং নববধূকে নিয়ে আসার ঘটনা এটাই প্রথম।