খেলাশ্রী পুরস্কার প্রদানের আগে ক্রিকেট খেললেন মমতা, বল করলেন অরূপ!

বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়াবিদদের সম্মাননাজ্ঞাপন করতে ধনধান্য অডিটোরিয়ামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুরুর আগে একটু ক্রিকেট খেলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে বল করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রথম বলটি অবশ্য মুখ্যমন্ত্রীর ব্যাটে লাগেনি। দ্বিতীয় বলটি মুখ্যমন্ত্রীর ব্যাটে লাগে। আর সেটি ক্যাচও ধরে ফেলেন অরূপ বিশ্বাস। এছাড়া এদিন ফুটবলও খেলতে দেখা যায় মমতাকে। নাড়াচাড়া করেন হকি স্টিক নিয়েও।

খেলাধূলার প্রতি নিজের আগ্রহ প্রকাশ করেছেন বারেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়াবিদদের উন্নয়নের জন্যও বিভিন্ন পদক্ষেপও করেছেন তিনি। তারই অন্যতম ‘খেলাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার প্রদান ও সম্মান জ্ঞাপন এবং রাজ্যের প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্রদান করা হয়।

অন্যদিকে আগামী ৩০ জানুয়ারি রাজ্যজুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিল হবে বলে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, বিজেপি নেতৃত্ব যে ভাবে তৃণমূল নেত্রী এবং মহিলাদের অপমান করছে তার বিরুদ্ধেই এই মিছিল।