ইউক্রেন সীমান্তের কাছে ভেঙে পড়ল রুশ বিমান, ঘটনায় ৬৫ জনের মৃত্যু

ইউক্রেনের সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোদের কাছে শনিবার একটি রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। বিমানটিতে রুশ বাহিনীর হাতে বন্দি হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ জন সদস্য, ছয়জন ক্রু এবং যুদ্ধবন্দিদের পাহারায় নিয়োজিত আরও তিনজন ছিলেন।

বিমানটি কীভাবে বিধ্বস্ত হল, তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া দাবি করেছে যে বিমানটিতে একটি ত্রুটি ছিল, যার ফলে এটি বিধ্বস্ত হয়। অন্যদিকে, ইউক্রেনের একটি সংবাদমাধ্যম দাবি করেছে যে রুশ সামরিক বিমানটিকে ইউক্রেনের সেনারা ভূপাতিত করেছে।

বিমান দুর্ঘটনার পর বেলগোরোডের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ ঘটনাস্থলে গিয়েছেন। তিনি জানান, বিমানটিতে কোনও জীবিত ব্যক্তিকে পাওয়া যায়নি।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, বিমান বিধ্বস্তের ঘটনাটি তারা গুরুত্ব সহকারে দেখছে। তদন্ত চলছে।

ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল বেলগোরাদে ঘন ঘন হামলা চালিয়েছে ইউক্রেন। গত ডিসেম্বর মাসেও ক্ষেপণাস্ত্র হামলায় এখানে ২৫ জনের মৃত্যু হয়েছিল।

ইলিউশিন আইএল-৭৬ সামরিক বিমানটি তৈরি করা হয়েছে সেনা, কার্গো, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহণের জন্য। বিমানটিতে সাধারণত পাঁচজন ক্রু থাকতে পারেন। এটি সর্বোচ্চ ৯০ জন যাত্রী বহন করতে সক্ষম।