“আমরা দুর্গার পুজো করি, রামই সেই দুর্গার পুজো করেছিলেন”-মুখ খুললেন মমতা

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই বাংলায় তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্ম সমন্বয়ে ‘সম্প্রীতি মিছিল’ অনুষ্ঠিত হয়। এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বেলা ৩টের সময় কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু করেন মমতা। তারপর গুরুদ্বার, মসজিদ, গির্জা ছুঁয়ে সভা করেন।

সভায় বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানান মমতা। বলেন, “আপনারা সংস্কৃতিবান মানুষ, সভ্যতার পাদপ্রদীপ। আপনাদের ঘরেই আলোকিত হয়েছিল সভ্যতার আলো। আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজ বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “ভোট কাছে এলে একটা দল দেশকে বিক্রি করে দিয়ে চলে যায়। আমার লজ্জা লাগে।” তিনি বলেন, “সকাল থেকে যা হচ্ছে, তাতে মনে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে এমন প্রচার শুরু হয়েছে। কিন্তু এর পরের দিন থেকে কী হবে?”

মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি রামের বিরুদ্ধ নই। রাম-সীতাকে শ্রদ্ধা করি। কিন্তু তোমরা তো কই সীতার কথা বল না! তোমরা কি নারীবিরোধী? সীতা না থাকলে রাম হয় না। কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মায়েরাই জন্ম দেয়।”

মমতা বলেন, “সীতাই ১৪ বছর বনবাসে ছিলেন রামের সঙ্গে। আবার তাঁকেই নিজেকে প্রমাণ করতে অগ্নিপরীক্ষাও দিতে হয়েছিল। আমরা জানি। আমরা তাই নারীশক্তি দুর্গার পুজো করি। রামই সেই দুর্গার পুজো করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে।”

এই মিছিলের মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, “বাংলায় সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করে। আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সকলে মিলে বাংলাকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাজ্য হিসেবে গড়ে তুলব।”