অনলাইনে টাকা পাঠালে বেশি টাকা ফেরৎ দেওয়ার প্রলোভন, নতুন কায়দার সাইবার প্রতারণার ফাঁদে ব্যবসায়ী

বসিরহাটের হিঙ্গলগঞ্জে নতুন কায়দায় সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, অনলাইনে টাকা পাঠালে বেশি টাকা ফেরৎ পাওয়া যাবে, সেই প্রলোভন দিয়ে একাধিক মহিলা ও পুরুষের কাছে ফোন করে টাকা চাওয়া হচ্ছে।

জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলের বিলের বিভিন্ন জনের কাছে ফোন করে টাকা চায় কেউ বা কারা। ফোনগুলি করা হচ্ছে বিভিন্ন নম্বর থেকে। সেই নম্বরে পুনরায় ফোন করা হলে এক এক বার এক এক জায়গার ঠিকানা বলা হচ্ছে।

এই সবের মাঝে পড়ে প্রতারিত এক ব্যবসায়ীও। তিনি একটি নির্দিষ্ট নম্বরে ২৯ হাজার টাকা পাঠিয়েছেন। কিন্তু এখন আর সেই টাকা ফেরৎ পাচ্ছেন না।

এই ঘটনায় সর্বসস্বান্ত হয়ে হিঙ্গলগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন দোকানদার শোভন মণ্ডল। নিজের দেওয়া টাকা ফেরৎ চাইছেন ওই ব্যবসায়ী।

হিঙ্গলগঞ্জ থানার পুলিশের অভিযোগের ঘটনার তদন্ত শুরু করেছে। একইসঙ্গে এলাকার মানুষজনকে সতর্কও করা হচ্ছে। টাকা চেয়ে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে ফোন বা মেসেজ আসলে, সেই ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিচ্ছেন পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত, অনলাইনে প্রতারণার বিভিন্ন ঘটনাকে ঘিরে মাঝেমধ্যেই অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার ক্রাইম শাখা। অনেক ক্ষেত্রেই অপরাধীকে পাকড়াও করা হয়। সম্প্রতি আরও এক ধরণের অভিনব প্রতারণার ঘটনা সামনে এসেছে। বইমেলায় প্রায়শই দেখা যায় বিভিন্ন গেম শো বা ক্যুইজ কনটেস্ট। এমনকী অনেক সময় লাকি কুপনে ক্রেতাদের নাম বা ফোন নম্বরও নেওয়া হয়ে থাকে। অভিযোগ, সেখান থেকেই তথ্য চলে যায় প্রতারকদের হাতে। তারপরেই শুরু হয় অপারেশন। গত বছরের বইমেলায় এই ধরণের একাধিক অভিযোগ উঠেছে বলে খবর।