আবারো বাংলাদেশের সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্ত, কবে শুরু হচ্ছে শুটিং?

বাংলাদেশি সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। আবারো বাংলাদেশের সিনেমায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
গত বছরের অগাস্টে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবির শুটিং করতে বাংলাদেশে গিয়েছিলেন ঋতুপর্ণা। এবার তিনি ‘বাঙালি বিলাস’ সিনেমায় অভিনয়ের জন্য গিয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ‘বাঙালি বিলাস’ সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে। এই সিনেমায় ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী এবং অভিনেতা থাকছেন এবং কবে থেকে এর শুটিং শুরু হবে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি পরিচালক এবাদুর রহমান।
তবে ঋতুপর্ণা নিজে জানান, খুব তাড়াতাড়ি তিনি ঢাকায় এসে ‘বাঙালি বিলাস’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।
ঋতুপর্ণা ১৯৮৯ সাল থেকে বাংলা সিনেমায় অভিনয় করছেন। তিনি বাংলাদেশেরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর আগে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে ‘স্পর্শ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।