উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ডায়ালিসিস বিভাগে আগুন, আতঙ্ক ছড়াল হাসপাতালে

হাওড়া জেলার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের ডায়ালিসিস বিভাগে শুক্রবার বিকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। তবে কারও কোনও ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে মেডিক্যাল কলেজের ডায়ালিসিস বিভাগে ৪ জন রোগীর ডায়ালিসিস চলছিল। বিকেল ৪টে নাগাদ আচমকাই বিকট একটা শব্দ হয় এবং ডায়ালিসিস বিভাগ থেকে ধোঁওয়া বের হতে দেখা যায়।
ধোঁওয়ায় ঢেকে যায় গোটা বিভাগ। ডায়ালিসিস করতে আসা রোগীদের বাইরে দ্রুত বের করে আনা হয়। প্রাথমিকভাবে ডায়ালিসিস বিভাগে থাকা অগ্নির্নিবাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আশেপাশের লোকজন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। হাসাপাতালে থাকা অনেকেই ছুটে আসেন। পরে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডায়ালিসিস করতে আসা এক রোগী তারক দাস বলেন, ‘ডায়ালিসিস চলার সময় আচমকাই একটা আওয়াজ শুনতে পাই। তারপরে দেখি এসি মেশিন থেকে আগুন বের হচ্ছে। আতঙ্কে দ্রুত বাইরে বেরিয়ে আসি।’
উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সনৎ ঘোষ বলেন, ‘একটি এসি মেশিন থেকে আগুন লেগেছিল। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি।’