একই গ্রামের তরুণীকে বাড়িতে আশ্রয়, সেই তরুণীই নিয়ে গেলেন বাড়িওয়ালির স্বামীকে

পটনা শহরের এক মহিলা কনস্টেবল নিজের গ্রাম থেকে আসা এক তরুণীকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তরুণীটি বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে পটনা এসেছিলেন। কনস্টেবল তাকে নিজের গ্রামের মেয়ে বলে সহানুভূতি দেখান। কিন্তু সেই সহানুভূতিই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়।
তরুণী বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকের চাকরি পান। চাকরি পাওয়ার পর সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু মাসখানেক পর হঠাৎই তরুণী গায়েব হয়ে যান। সেই দিন থেকে কনস্টেবলের স্বামীও বাড়ি ফেরেননি।
কনস্টেবল চারিদিকে খোঁজাখুঁজি করেও স্বামী এবং তরুণীর কোনও সন্ধান পাননি। দীর্ঘক্ষণ দু’জনেরই ফোন বন্ধ ছিল। শেষ পর্যন্ত কনস্টেবল তার স্বামীকে ফোন পান। স্বামী ফোনে তাকে ডিভোর্সের কথা বলেন। বুঝতে আর বাকি থাকে না যে স্বামী তরুণী শিক্ষিকার প্রেমে পড়ে তাকে নিয়ে পালিয়ে গেছেন।
দু’বছরের শিশুকে নিয়ে ন্যায়ের দাবিতে মহিলা কনস্টেবল পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।