‘মাতৃভাষায় কেন সওয়াল করা হবে না’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

গত মঙ্গলবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বাংলা ভাষায় কথা বলার অনুমতি দেওয়ার জন্য প্রশ্ন তুলেছিলেন। বৃহস্পতিবার, তিনি এ বিষয়ে আরও উল্লেখযোগ্য মন্তব্য করলেন।

এদিন এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আমি বাংলায় বলতে চাই। আপনারাও বাংলাতে সওয়াল করবেন আশা করব। কারণ এজলাসে অনেক মামলাকারী থাকেন যাঁদের বুঝতে অসুবিধা হয়। তবে যদি কারও সমস্যা থাকে সেক্ষেত্রে তিনি গোটা বিষয়টি ইংরেজিতে করতে পারেন।”

আইনজীবী কল্লোল বসু এই প্রসঙ্গে বলেন, “ভাষার প্রতি সংবেদনশীল হওয়া প্রয়োজন।” শুরুটা বিচারপতি গঙ্গোপাধ্যায় করুন বলে মন্তব্য করেন তিনি।

বিচারপতি এদিন বলেন, “সুপ্রিম কোর্ট যদি আমাকে এজলাসে বাংলা ভাষায় কথা বলার কারণ জানতে চায় তাহলে আমি মৃদু ভাবে সবিনয়ে তার একটি উত্তর দেব। সেই উত্তর সবাইকে জানিয়েই দেব। আমি লক্ষ্য করেছি এখানে অনেকে এসে বাংলায় কথা বলেছেন বলে জিভ কেটেছেন। মাতৃভাষায় কথা বলার জন্য যেখানে জিভ কাটতে হয় তাহলে সেখানে ২১ ফেব্রুয়ারির কোনও মানে হয় না। আমাকে এখনও পর্যন্ত কোনও আবেদনকারী এসে যদিও বলেননি তিনি ইংরেজিতে কথা বার্তা বুঝতে পারছেন না।”

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগেও একটি মামলার প্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের মামলার শুনানির সময় বাংলা ভাষা নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।