গুরুতর অসুস্থ রাজ্য, ছেলের চিকিৎসার জন্য কলকাতায় পরীমণি

বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য (পদ্ম) ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে সাতদিন চিকিৎসার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।
গত ১৪ জানুয়ারি বরিশাল থেকে ঢাকায় ফেরার পথে রাস্তার ধারে কেনা ফল খেয়ে পরীমণি, তার ছেলে রাজ্যসহ পরিবারের পাঁচ সদস্য ফুড পয়জনিংয়ের শিকার হন। এরপর তারা সবাই হাসপাতালে ভর্তি হন। বাকি সবাই সুস্থ হলেও রাজ্য এখনো অসুস্থ।
পরীমণির সঙ্গে কলকাতা এসেছেন তার দীপু মামা। নির্মাতা চয়নিকা চৌধুরীও পরীমণির সঙ্গে কলকাতায় আসতে চেয়েছিলেন, কিন্তু তার ভারতীয় ভিসা না থাকায় তিনি আসতে পারেননি।
চিকিৎসকদের পরামর্শে পরীমণি ও রাজ্যকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
পরীমণি তার ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, “শীতকালে বাইরের খাবার খাওয়ার সময় সতর্ক থাকা উচিত। আমরা রাস্তার ধারে দোকান থেকে কেনা ফল মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। কিন্তু তাতেও কাজ হয়নি। তাই সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি।”