২২ জানুয়ারি উদ্বোধন রাম মন্দির, এদিন ছুটি ঘোষণা কেন্দ্রীয় সরকারের

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসগুলি অর্ধদিবস বন্ধ থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এদিন এই ঘোষণা করেছেন।
মন্ত্রীর ঘোষণা অনুসারে, ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত কেন্দ্রীয় সরকারি অফিসগুলি খোলা থাকবে। তারপর বন্ধ হয়ে যাবে।
২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২২ জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকবেন সাত হাজারের বেশি মানুষ। রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসাবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন।
বুধবার বার কাউন্সিল অফ ইন্ডিয়া ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে একটি চিঠি লিখে ২২ জানুয়ারি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছিল।
চিঠিতে বলা হয়েছে, “অযোধ্যায় শ্রী রাম মন্দির উদ্বোধন ২২ জানুয়ারী, ২০২৪-এ নির্ধারিত হয়েছে। এই দিনটির সঙ্গে দেশের লাখ লাখ মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে। দিনটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। বহু দিনের দেখা স্বপ্নের পরিণতি পাওয়ার দিন। ওই দিন সব অপেক্ষার অবসান হতে চলেছে।”
চিঠিতে আর্জি জানানো হয়েছে, “রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান ধর্মীয়, সাংস্কৃতিক, জাতীয় এবং আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তাই আমরা আন্তরিক ভাবে ওই বিশেষ দিনটিতে দেশের সমস্ত আদালতে ছুটির আবেদন জানাচ্ছি। ছুটি পেলে আইনজীবী ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।”
তবে চিঠিতে বার কাউন্সিল এ-ও জানিয়েছে, তাঁরা দেশের বিচারব্যবস্থা সচল রাখার প্রয়োজনীয়তা সম্বন্ধে অবগত। তাই তাঁদের প্রস্তাব, ওই দিন জরুরি মামলার শুনানির বিশেষ বন্দোবস্ত করা যেতে পারে। রামমন্দির উদ্বোধনের পরের দিনও জরুরি মামলার শুনানি হতে পারে।
রাম মন্দির উদ্বোধন ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই দিনটিতে দেশের কোটি কোটি মানুষ ধর্মীয় ভাবাবেগে উদ্বেলিত হয়ে পড়বেন। তাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সাধুবাদ প্রাপ্য।