মর্মান্তিক: গিজারের গরম জলে স্নান করতে গিয়ে ঘটল বিপত্তি, বাথরুমের দরজা ভেঙে উদ্ধার পড়ুয়ার দেহ

উত্তর প্রদেশের বাদাউন জেলায় গিজারের গ্যাস লিক হয়ে বাথরুমে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত কিশোরীর নাম মেঘা শর্মা। সে বেরেলির একটি আবাসিক স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত।
রবিবার সকালে স্কুলের হোস্টেল থেকে দাদুর বাড়িতে এসেছিল মেঘা। প্রায় ৩টে নাগাদ বাথরুমে গিয়েছিল স্নান করতে। অনেকক্ষণ বাথরুমে থেকে বের না হওয়ায়, দাদু ও অন্যান্য পরিবারের সদস্যরা তাকে ডাকতে থাকেন। কিন্তু, সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।
এরপর ভিতর থেকে কিশোরীর দেহ উদ্ধার করেছিলেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে গিজার থেকে গ্যাস লিক হয়ে মেঘার মৃত্যুর সম্ভাবনা দেখা দিয়েছে। গিজারটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখতে তরুণীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গিজার ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। গিজারটি ভালোভাবে পরীক্ষা করে নিয়ে ব্যবহার করা উচিত। এছাড়াও, বাথরুমে গ্যাস লিক হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে বাথরুমে একটি জানালা থাকা উচিত।