মানবিকতার কলঙ্ক! দুর্ঘটনার শিকার ব্যক্তিকে হাসপাতালে ভর্তি না করে লুটে নিল পথচারীরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছে, আগ্রা-দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁকে সাহায্য করা বা হাসপাতালে নিয়ে যাওয়ার তো দূর, তাঁক পকেট লুট করতেই ব্যস্ত পথযাত্রীরা। জানা গিয়েছে, প্রায় দেড় লাখ টাকা লুট করা হয় আহত ওই ব্যক্তির থেকে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ওই দিন দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তিন জনের। মৃতদের মধ্যে একজন হলেন ধর্মেন্দ্র কুমার গুপ্ত (৪৬)। তিনি আগ্রার বাসিন্দা এবং পেশায় দুধ বিক্রেতা ছিলেন। মথুরা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি।

দুর্ঘটনার পর ধর্মেন্দ্রর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে তাঁকে লুট করতেই ব্যস্ত হয়ে পড়ে পথচারীরা। ভিডিয়োতে দেখা যায়, আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন ধর্মেন্দ্র। পাশে তাঁর টাকার ব্যাগটি পড়ে রয়েছে। এদিকে তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন পথচারী। ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে নাকি তাঁর টাকা পুলিশকে দিয়ে দেওয়া হবে নাকি তাঁর টাকা নিজেদের পকেটে পোড়া হবে এই নিয়ে কয়েক জনকে কথা বলতে শোনা যায়। এরই মধ্যে কয়েক জন বলেন, ‘যা টাকা পয়সা পড়ে আছে তুলে নাও তাড়াতাড়ি।’ আহত ব্যক্তিকে উদ্ধার না করেই চলে দেদার লুট।

ধর্মেন্দ্রর ভাই মহেন্দ্রর অভিযোগ, তাঁর ভাইয়ের টাকা লুটে নেওয়া ব্যক্তিরা যদি তাঁকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেত তাহলেও মানা যেত বিষয়টি। কিন্তু, তাঁরা লুটের কাজে ব্যস্ত থাকায় ধর্মেন্দ্রর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ ধর্মেন্দ্রর পরিবার। তাঁরা দাবি করেছেন, এই ঘটনায় মানবিকতার অবক্ষয় ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ভিডিয়োটি তাদের নজরে এসেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হবে।