মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার বিমান

কলকাতা থেকে ভুবনেশ্বর হয়ে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আই-৫ ১৫৬৩ নম্বর বিমানটির। কিন্তু সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে কলকাতা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে বিমানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে, বিমানটি কলকাতায় ফিরে আসে এবং কলকাতার মাটিতে জরুরি অবতরণ করে।
সোমবার সন্ধ্যার ওই ঘটনায় বিমানটির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কোনও বিপর্যয় ঘটেনি। পরে, রাত ৮টা নাগাদ ওই সংস্থারই অন্য একটি বিমানে সব যাত্রীকে ভুবনেশ্বরে পাঠানোর ব্যবস্থা করা হয়।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, কলকাতা থেকে ওড়ার কিছুক্ষণ পর বিমানটি যখন মাঝ আকাশে ছিল, তখন হঠাৎই যাত্রীরা ঝাঁকুনি অনুভব করেন। একই সঙ্গে বিমানের বাইরে থেকে একটি বিস্ফোরণ ঘটার মতো শব্দ শোনা যায়। আতঙ্কে কেবিন ক্রু-রা খাবার পরিবেশন ছেড়ে নিজেদের সিটে গিয়ে বসেন। তারা যাত্রীদের সিট বেল্ট বেঁধে নিতে বলেন। বিমানে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর কিছুক্ষণ পর পাইলট ঘোষণা করেন, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তাই কলকাতায় ফেরা হচ্ছে।
এ দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিমানটি কলকাতায় অবতরণ করলে সংস্থার কর্মী, ইঞ্জিনিয়াররা ট্যাক্সি বে-তে ছুটে যান পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। যদিও যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি। তাদের বলা হয়, অযথা আতঙ্কিত না-হয়ে অপেক্ষা করতে। প্রায় ৪৫ মিনিট পর যাত্রীদের বাইরে বার করে আনা হয়। রাত ৮টা নাগাদ অন্য একটি বিমানের বন্দোবস্ত করা হয় সব যাত্রীর জন্য।
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণ এখনও জানা যায়নি।