আলিপুরদুয়ারে ফের চিতাবাঘ হত্যার ঘটনা, মেরে উপড়ে ফেলা হল চিতাবাঘের দাঁত-নখ

আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও গ্রামে বুধবার একটি চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা চিতাবাঘটিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পশুটিকে মারার পর তার দাঁত উপড়ে নেওয়া হয়েছে। এমনকী লোম ছিঁড়ে ফেলা হয়েছে।

বুধবার সকালের দিকে ধুলাগাঁও গ্রামের শ্মশানের কাছে চিতাবাঘটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা বনবিভাগে খবর দিলে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করেন।

বনবিভাগের কর্মকর্তারা জানান, চিতাবাঘটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এতে বোঝা যাচ্ছে যে, চিতাবাঘটিকে লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বনবিভাগের কর্মকর্তাদের দাবি, সম্প্রতি ওই এলাকায় একটি চিতাবাঘ বেশ কয়েকজন গ্রামবাসীর উপর হামলা চালিয়েছিল। এতে তিনজন গ্রামবাসী আহত হয়েছিলেন। এই ঘটনার পরে ক্ষুব্ধ গ্রামবাসীরা চিতাবাঘটিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, আলিপুরদুয়ারে চিতাবাঘ পিটিয়ে হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে। গত অক্টোবরে আলিপুরদুয়ারের দলগাঁও চা বাগান লাগোয়া এলাকায় একটি চিতাবাঘকে এভাবেই পিটিয়ে খুন করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *