এই বদভ্যাসগুলি ছাড়ুন,যেকোনও সময় হতে পারে হার্ট অ্যাটাক! সাবধান করছেন বিশেষজ্ঞরা

আজকাল হার্ট অ্যাটাকের সমস্যা খুব দ্রুত বাড়ছে। এই সমস্যা শুধু বয়স্কদেরই নয়, তরুণদেরও শরীরে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আজকাল মানুষ সাধারণ হাঁটাচলার সময়েও হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছন। ফলে নূন্যতম চিকিৎসারও সুযোগও পাওয়া যাচ্ছে না। বলতে গেলে বেঘোরে প্রাণ যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন হার্ট অ্যাটাক বিভিন্ন কারণে হতে পারে। তবে কখনও কখনও এর নেপথ্যে থাকে কিছু বদভ্যাস। দীর্ঘদিন ধরে সেই বদভ্যাসগুলির সঙ্গে যুক্ত থাকলে, যেকোনও সময় হতে পারে হার্ট অ্যাটাক। তাহলে চলুন সেই বদভ্যাসগুলি কী কী, সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক।
কোলেস্টেরল বাড়ায় এমন জিনিস খাওয়া
কোলেস্টেরল একটি আঠালো পদার্থ, যা হার্টের জন্য খুবই বিপজ্জনক। এটি শিরায় রক্ত চলাচলে প্রচণ্ডভাবে বাধা দেয়। তাই কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে এমন জিনিস খাওয়া উচিত নয়। সেক্ষেত্রে নিজের খাদ্যতালিকা থেকে ভাজা খাবার, রেড মিট, জাঙ্ক ফুড আজই বাদ দেওয়া উচিত।
যেসব খাবার ব্লাড সুগার বাড়ায়
ডায়াবেটিসের কারণে শুধু কিডনি নয় স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়। স্নায়ুর দুর্বলতার কারণে মানুষের হার্ট দুর্বল হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। তাই মিষ্টি যতটা সম্ভব কম খাওয়া উচিত।
ব্যায়াম না করার অভ্যাস
যাঁদের ব্যায়াম করার অভ্যাস নেই, তাঁরা দ্রুত স্থূলতার শিকার হন। যার কারণে শিরায় মেদ জমতে শুরু করে এবং রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়। আর দীর্ঘদিন ধরে এমনটা হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
ধূমপানের অভ্যাস
ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর হার্ট অ্যাটাক এড়াতে আজই ধূমপানের অভ্যাস ত্যাগ করা উচিত। কারণ ধূমপানের ফলে হৃৎপিণ্ড ও স্নায়ু উভয়ই দুর্বল হয়ে পড়ে। যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, হার্ট সংক্রান্ত কোন সমস্যা অনুভব করলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। তাতে ঝুঁকি অনেকটাই কমে যায়।