১৪ দিনের মধ্যে দ্বিতীয় বার! BJP বিধায়কের গাড়িতে ধাক্কা TMC নেতার SUV-এর, তদন্তে নামলো থানা

মালদার ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়িতে ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মানিকচক থেকে ইংলিশ বাজার ফেরার পথে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ইংলিশ বাজার থানার উত্তর রামচন্দ্রপুরের চন্দনপাড়া এলাকায় বিজেপি বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা মারে কালো কালারের একটি স্করপিও। এই ঘটনায় বিধায়ক অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে বিধায়কের গাড়ির ডানদিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বিজেপি বিধায়ক অভিযোগ করেন, ধাক্কা মারা গাড়িটিতে তৃণমূল নেতার বোর্ড লাগানো ছিল। গাড়িতে থাকা ব্যক্তি ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের চেয়ারম্যান বলে জানা গেছে।
এটি বিধায়কের গাড়িতে দ্বিতীয় ধাক্কা। গত ২৮ অক্টোবর মিল্কি খাসখল এলাকায় বিধায়কের গাড়িতে বাইক ধাক্কা মারে। সেই ঘটনায়ও বিধায়ক আহত হয়েছিলেন।
বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, “এক মাসে আমার গাড়িতে দুবার ধাক্কা মারা হয়েছে। এর পিছনে অবশ্যই কোনও চক্রান্ত আছে। শাসকদলের লোকেরা আমাকে হুমকি দিতে চাইছে।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।