দাম ফেরত পেতে রেস্তোরাঁর খাবারে চুল মিশিয়ে প্রতারণার চেষ্টা মহিলার, পড়লেন ধরা

ইংল্যান্ডের এক রেস্তোরাঁয় খাবারে ইচ্ছাকৃত চুল মিশিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। কিন্তু রেস্তরাঁ মালিক টম ক্রফ্টের উপস্থিত বুদ্ধি এবং তৎপরতায় ধরা পড়ে গেছে দুষ্কর্ম।
বছর পঞ্চাশের টম ওই রেস্তোরাঁর শেফও। রেস্তোরাঁর বেশির ভাগ খাবার তিনি নিজে হাতেই বানান। অন্য কেউ রাঁধলেও খাবার তৈরি হওয়া পর্যন্ত সেখানেই ঠায় দাঁড়িয়ে থেকে তদারকি করেন। স্বাদের সঙ্গে কোনও আপস করেন না তিনি। কিন্তু তাকে যে কোনও দিন এমন একটি পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবেননি তিনি।
এ দিনও রেস্তোরাঁর রান্নাঘরে মগ্ন হয়ে খাবার বানাচ্ছিল টম। তত ক্ষণে অনেকেই খেতে এসেছেন। হঠাৎই বাইরে চিৎকার আওয়াজ পান তিনি। কী হয়েছে জানতে হাতের কাজ ফেলেই রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন, খাবারে চুল পাওয়ায় এক গ্রাহক প্রচণ্ড রেগে গিয়ে রেস্তোরাঁর কর্মীদের উপর চোটপাট করছেন। খাবারে চুল পাওয়া গিয়েছে শুনেই প্রথমে আকাশ থেকে পড়েন টম। দীর্ঘ ১৫ বছর রেস্তোরাঁর খাবার বানাচ্ছেন তিনি। এতগুলি বছরে কেউ এই অভিযোগ তোলেননি। তাই খটকা লাগে টমের। তিনি সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখতে যান। সেখানেই তিনি দেখতে পান কী ঘটেছে আসলে।
খাবারে চুল পাওয়ায় অভিযোগ তুলে যে নারী হইচই করছিলেন, তিনিই আসল কালপ্রিট। পয়সা না দিয়ে খাবার খাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিলেন তিনি। সেই মতো মেনুকার্ড দেখে খাবার অর্ডার করেন। খাবার আসার পর সকলের অলক্ষে একটি চুল খাবারে মিশিয়ে দেন। কিন্তু তিনি জানতেন না যে তার মাথার উপরেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার পরেই চিৎকার শুরু করেন তিনি। খাবার বদলে দেওয়ার কথা বলেন। টাকা দিতেও অস্বীকার করেন। তবে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার পর অবশ্য ঐ নারী ক্ষমা চান টমের কাছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার