পিরিয়ডের সময় স্তনে ব্যথা হলে যা যা করণীয়, জানুন সবিস্তারে

অনেক নারী পিরিয়ডের সময় স্তন ব্যথায় ভুগে থাকেন। বেস্ট হেলথের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিরিয়ড জনিত স্তন ব্যথার মূল কারণ হলো- শরীরে জল জমা ও হরমোনের ভারসাম্যহীনতা।

শরীরে জল ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারলে স্তনে অস্বস্তি অনুভূত হয় না। চলুন তবে জেনে নেয়া যাক পিরিয়ডে স্তন ব্যথা কমাতে করণীয় সম্পর্কে-

ম্যাসাজ
স্নানের সময় সাবান লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। এতে রক্তের সার্কুলেশন ও লসিকার ড্রেনেজ বাড়বে, যার ফলে ব্যথা কিছুটা হলেও কমবে।

ঠাণ্ডা সেঁক
বরফ টুকরো বা হিমায়িত সবজিকে তোয়ালেতে মুড়িয়ে প্রায় ১০ মিনিট ঠাণ্ডা সেঁক দিন। ব্যথা কমাতে ঠাণ্ডা সেঁক যে বেশ কার্যকর তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে।

সাপোর্ট ব্রা
স্তনে ব্যথা করলে আন্ডারঅয়্যার ব্রা এর পরিবর্তে সাপোর্ট ব্রা/অয়্যারলেস ব্রা পরার কথা ভাবতে পারেন।

ড্যান্ডেলিয়ন চা
স্তনের ব্যথা কমাতে দিনে তিনবার ড্যান্ডেলিয়ন টি পান করতে পারেন।

ভিটামিন ই এবং ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার
স্তনের ব্যথা এড়াতে ও কমাতে ভিটামিন ই এবং ভিটামিন বি৬ একত্রে কাজ করে। তাই ডায়েটে এ জাতীয় খাবার রাখতে পারেন। বাদাম, গম ও যবে ভিটামিন ই পাবেন এবং ভিটামিন বি৬ পেতে চর্বিহীন মাংস ও পালংশাক খেতে পারেন। এছাড়া খাদ্য তালিকায় ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার বেশি রাখুন।

যেসব খাবার সম্পর্কে সতর্ক থাকবেন

হাইড্রোজেনেটেড অয়েল রয়েছে এমন খাবার কমিয়ে ফেলতে হবে, যেমন- বেকারির খাবার, প্যাকেটজাত খাবার ও প্রক্রিয়াজাত খাবার। হাইড্রোজেনেটেড অয়েল সমৃদ্ধ খাবার স্তন ব্যথায় ভূমিকা রাখে।

মিথাইলজ্যান্থাইন রয়েছে এমন খাবারও কমাতে হবে, যেমন- কোলা, চকলেট, কলা, বাদামের মাখন, পনির, আচার ও মাশরুম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মিথাইলজ্যান্থাইন উপাদান রয়েছে এমন খাবার কমিয়ে ফেললে মাসিকের স্তন ব্যথায় ভুগেন এমন নারীদের বেশিরভাগই উপকৃত হয়ে থাকেন।

খাবারে লবণের ব্যবহারও কমাতে হবে। লবণ শরীরে জল জমিয়ে ফেলে, যার দরুণ স্তন ফুলে যায়। বিশেষ করে পিরিয়ড জনিত স্তনের ব্যথা ও ফোলা কমাতে লবণের ব্যবহার সীমিত করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *