মাঝরাতে লরি চালকদের দাঁড় করিয়ে খাওয়ানো হচ্ছে চা, পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি সকলে

পুলিশ সমাজের রক্ষক। কিন্তু তাদের বিরুদ্ধে মাঝেমধ্যেই তোলাবাজি, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণের মতো অভিযোগ ওঠে। সম্প্রতি, বীরভূমে পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগের মধ্যে এবার দেখা গেল পুলিশের মানবিক মুখ।
বীরভূমের সিউড়িতে রাতের অন্ধকারে পণ্যবাহী গাড়ি চালকদের চা পান করাচ্ছে পুলিশ। এই উদ্যোগের উদ্দেশ্য হল দুর্ঘটনা এড়াতে চালকদের ঘুম কাটানো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় পথ দুর্ঘটনা নিয়ে জেলা পুলিশকে সতর্ক করেছেন। একই সঙ্গে পণ্যবাহী গাড়ির চালকদের ঘুম কাটানোর জন্য চা পান করানোর নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া পণ্যবাহী গাড়িগুলিকে থামিয়ে চালকদের চা পান করাচ্ছে পুলিশ। মূলত ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। তা রুখতেই এই পদক্ষেপ।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। পণ্যবাহী গাড়িচালক মহম্মদ ওসমান বলেন, “গাড়ি চালানোর সময় অনেক সময় আমাদের ঘুম পেয়ে যায়। চোখ লেগে আসে। সেই কারণে চা খাওয়ানো হল। খুবই ভালো উদ্যোগ। চা খেলে গাড়ি চালানোর সময় আমাদের আর ঘুম পাবে না। খুব ভালো লাগল।”