SPORTS: ১০০ রান তুলতেই ৭ উইকেট হারালো অস্ট্রেলিয়া, পিচে আফগানদের দাপট

চলমান ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। যেখানে আফগানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অজিরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০.২ ওভারে সাত উইকেটে ১০০ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে আফগানিস্তান। এতে অজিদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৯২ রান।

রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে অস্ট্রেলিয়া। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। তবে ম্যাচের দ্বিতীয় ওভারেই এ জুটিতে আঘাত হানেন নাভিন। একই ওভারে জীবন পান ওয়ার্নার।

হেডের বিদায়ে উইকেটে আসেন মিচেল মার্শ। উইকেটে এসেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন তিনি। তবে ম্যাচের ষষ্ঠ ওভারে তাকে থামিয়ে দেন নাভিন উল হক। আউট হওয়ার আগে ১১ বলে ২৪ করেন তিনি।

এরপর বাইশ গজে আসেন মার্নাস লাবুশেনে। এর পরেই বোল্ড হন ওয়ার্নার। তার বিদায়ে ক্রিজে আসেন জস ইংলিশ। তবে তিনিও ব্যর্থ হয়ে ফিরেছেন।

ক্রিজের একপ্রান্তে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে অন্যপ্রান্তে ব্যর্থ হয়ে ফিরেছেন মার্নাস লাবুশেনে ও মিচেল স্টার্ক।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। দলের হাল ধরতে উইকেটে এসেছেন অজি দলপতি প্যাট কামিন্স। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ম্যাক্সওয়েল।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার নির্বিঘ্নে ৭.৫ ওভার কাটিয়ে দেন।

তবে অষ্টম ওভারের শেষ বলে হ্যাজেলউড ম্যাজিকে মিচেল স্টার্কের তালুবন্দী হন গুরবাজ। আউট হওয়ার আগে ২১ রান করেন এ আফগান ওপেনার।

পরে বাইশ গজে আসেন রহমত শাহ। তার সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ম্যাচের ২৫তম ওভারে ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে কাটা পড়েন রহমত। সাজঘরে ফেরার আগে ৩০ করেন এ ডানহাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদী। উইকেটে এসে থিতুও হন তিনি। তবে ব্যক্তিগত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তিনি। ম্যাচের ৩৮তম ওভার শাহিদীর স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক।

আফগান দলপতির বিদায়ে উইকেটে আসেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যাট হাতে ভালো শুরু পান তিনি। অবশ্য ২২ রানেই থামতে হয় তাকে। এরপর ক্রিজে আসেন মোহাম্মদ নবী। তবে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন এ অভিজ্ঞ ব্যাটার।

অজি বোলারদের তুলোধুনো করে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম। আর শেষ মুহূর্তে ঝড়ো গতিতে রান তোলেন রশিদ খান। এতে আফগানদের ইনিংস থামে ২৯১ রানে।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন জস হ্যাজেলউড।