দীপাবলির পার্টিতেও নেই অভিষেক, ঐশ্বরিয়ার পাশে প্রাক্তন প্রেমিক সালমান খান!

কয়েকদিন আগেই ৫০ বছরে পা দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১ নভেম্বর মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের বিশেষ দিন উদযাপন করেছিলেন ঐশ্বরিয়া। এমন দিনে তার পাশে দেখা যায়নি স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকটা শুকনো মুখে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন জুনিয়র বচ্চন। স্ত্রীর একটি সাদা-কালো ছবি পোস্ট করে স্রেফ লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে!’ অভিষেকের লেখা পড়েই নেটিজেনদের একটা বড় অংশের মনে হয়েছিল, মনোমালিন্য হয়ত বেড়েছে দম্পতির মধ্যে।

এমন যখন জল্পনা চলছে, তখন আগুনে আরও ঘি ঢালল পোশাকশিল্পী মণীশ মালহোত্রার দীপাবলির পার্টি। সেখানেও দেখা নেই অভিষেকের, একাই গেলেন ঐশ্বরিয়া। তবে সেখানে ‘পাশে’ পেলেন প্রাক্তন প্রেমিককে। সেই প্রাক্তন প্রেমিক আর কেউ নন, স্বয়ং সালমান খান।

মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে তার বাড়িতে বসেছিল চাঁদের হাট। বলিপাড়ার তারকারা ভিড় জমিয়েছিলেন সেই পার্টিতে। লাল ও গোলাপি রঙের পোশাক পরে লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়া। তবে সেখানে বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে দেখতে পাওয়া যায়নি। এমনকি ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন না তার মেয়ে আরাধ্যাও।

অন্যদিকে, একই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজানও। যদিও দীপাবলির পার্টিতেও তার পরনে ছিল সাধারণ ছাইরঙা টিশার্ট ও কালো কার্গো ট্রাউজার্স। তবে এক ছাদের নিচে থাকলেও ঐশ্বরিয়া ও সালমান মুখোমুখি হয়েছেন কি না তা জানা যায়নি।

নব্বইয়ের দশকের শেষের দিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে কাজ করার সময় সম্পর্ক তৈরি হয় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে। তবে সেই সম্পর্কের আয়ু ছিল মাত্র বছর চারেক।

শোনা যায়, সম্পর্কে থাকাকালীন নাকি ঐশ্বরিয়াকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করেছিলেন সালমান। ২০০৪ সালে সেই সম্পর্কে ইতি টানেন ঐশ্বরিয়া। ২০০৭ সালে অভিষেকের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরে ১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বৌমা ঐশ্বরিয়া। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যার। গত প্রায় দুই দশকের পথচলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হয় না ঐশ্বরিয়ার, বারবার এমন কানাঘুষা শোনা গেছে। তবে গত মাসখানেক ধরে সেই জল্পনা আরও বেড়েছে। সম্প্রতি অভিষেককেও দেখা যায়নি ঐশ্বরিয়ার সঙ্গে। তবে কি শ্বশুরবাড়িতে অশান্তির কারণে দূরত্ব বাড়ছে যুগলের মধ্যে?

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *