SPORTS: বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকতে নামবে পাকিস্তান

ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। পয়েন্ট টেবিলের অবশ্য পাকিস্তানের চেয়ে ভালো অবস্থায় আছে নিউজিল্যান্ড।
কিউইদের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকায় জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই পাকিস্তানের। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে পাকিস্তান। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড।

ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল ১১টায় মাঠে নামবে নিউজিল্যান্ড-পাকিস্তান।

টানা চার জয়ের বিশ্বকাপ শুরু করেছিলো নিউজিল্যান্ড। নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের কাছে হেরে জয়রথ থামে কিউইদের। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কাছেও হেরে যায় তারা। টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছে গত বিশ্বকাপের রানার্স-আপরা।

হেরে যাওয়া শেষ তিন ম্যাচে ইনজুরি সমস্যা বেশি ভুগিয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামস। এরপর ইনজুরির তালিকায় নাম লেখান মার্ক চাপম্যান ও লকি ফার্গুসন।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হন জিমি নিশাম ও ম্যাট হেনরি। বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডের পাঁচজন ইনজুরিতে থাকায় একাদশ সাজানোর জন্য নিউজিল্যান্ডের হাতে আছে ১০জন ফিট খেলোয়াড়।

এ অবস্থায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে একাদশ সাজানোই চ্যালেঞ্জ হয়ে পড়েছে নিউজিল্যান্ডের সামনে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে হেনরির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

হেনরির পরিবর্তে কাইল জেমিসনকে দলে নেয়ার অনুমতি পেয়েছে নিউজিল্যান্ড। এদিকে আঙুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন উইলিয়ামসন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবেন কি-না জানা যায়নি।

এদিকে নিজেদের প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা চারটি পরাজিত হওয়ায় সেমির পথ বেশ কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের। সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেট হারিয়ে আবারও সেমির দৌঁড়ে ফিরেছে দলটি।

আগামীকাল নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। সেমির আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই দলটির সামনে। এর মধ্যে ১টি ম্যাচ হেরে গেলে অনেক যদি-কিন্তু’র উপর তাকিয়ে থাকতে হবে তাদের।

নিউজিল্যান্ড ছাড়াও পাকিস্তানের পথে বাঁধা হতে পারে বৃষ্টি। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ পরিবেশিত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত খবরে বলা হয়েছে, ব্যাঙ্গালুরুতে কালকের ম্যাচে বাঁধা হতে পারে বৃষ্টি। ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৫বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ৫১টিতে, পাকিস্তান জিতেছে ৬০টিতে, ১টি টাই এবং ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিশ্বকাপেও জয়ের ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। ৯বারের মোকাবেলায় পাকিস্তান জিতেছে ৭টিতে, নিউজিল্যান্ডের জয় মাত্র ২টিতে। সর্বশেষ ২০১৯ সালে বিশ্বকাপে ৬ উইকেটে জিতেছিলো পাকিস্তান।

নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।