দরকার ছাড়া বাইরে বেরোচ্ছেন না কেউই! কুকুর আতঙ্কে দিশেহারা এলাকার সকল বাসিন্দা

বসিরহাটের মৈত্র বাগান এলাকায় এক কুকুরের আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। গত তিনদিন ধরে ওই কুকুরটি এলাকার ৪০ থেকে ৫০ জনকে কামড়েছে। কুকুরের ভয়ে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুকুরটিকে ধরার জন্য স্থানীয় প্রশাসন উদাসীন। বন দফতরের দাবি, কুকুর ধরার দায়িত্ব পুরসভার। পুরসভার দাবি, কুকুর ধরার জন্য তাদের পরিকাঠামোগত সমস্যা রয়েছে।

স্থানীয় বাসিন্দা সুনন্দা মজুমদার বলেন, “গতকাল আমাকে কুকুর কামড়ে মাংস তুলে নিয়েছে। এখনও অবধি এলাকার ৪০ থেকে ৫০ জনকে কামড়েছে। আমরা ভীষণ আতঙ্কে রয়েছি। আমরা চাই বন দফতর বা স্থানীয় প্রশাসন দ্রুত কুকুরটিকে ধরার বন্দোবস্ত করবে।”

বন দফতরের রেঞ্জার তুষার সরকার বলেন, “কুকুর আমাদের আওতায় পড়ে না। আমরা বন্যপ্রাণীদের নিয়ে কাজ করি। কুকুর ধরার দায়িত্ব আমাদের নয়। পুরসভা এই বিষয়ে পদক্ষেপ করতে পারবে। আমাদের কিছু করার নেই।”

স্থানীয় কাউন্সিলর বলেন, “আমি খোঁজ নিয়ে জানলাম এটা পুরসভার বিষয়। পুরসভাকে জানানোর পর আমাকে বন দফতরকে জানানোর পরামর্শ দেওয়া হয়। বন দফতরকে গোটা বিষয়টি জানানো হয়েছে। তবে পুরসভার পরিকাঠামোগত সমস্যা রয়েছে। অসংখ্য মানুষকে যেমন কামড়েছে, তেমন অসংখ্য কুকুরকেও কামড়েছে। আরও বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা বসিরহাটের বিভিন্ন পশুপ্রেমী সংগঠনরের সঙ্গে কথা বলেছি। কুকুরটিকে যাতে ধরার বন্দোবস্ত করা যায়। সেই চেষ্টা করা হচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *