“যুদ্ধ বন্ধ করা উচিত, গাজায় শুধু হামাসরা থাকেন না, নারী ও শিশুরাও থাকেন”-ব্রাজিল প্রেসিডেন্ট

ফিলিস্তিনের সংগঠন হামাসকে ব্রাজিল সন্ত্রাসী সংগঠন মনে করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।
গত শনিবার (২৮ অক্টোবর) প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি।

লুলা বলেন, ‘ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ।’

ব্রাজিলের প্রেসিডেন্ট আরো বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করা। মনে হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহু ভুলে গেছেন, গাজায় শুধু হামাস যোদ্ধারা থাকেন না, নারী ও শিশুরাও থাকেন। এই যুদ্ধে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী।’

ব্রাজিল সব সময় শান্তির পক্ষে জানিয়ে লুলা বলেন, ‘এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে গুলির শক্তিকে পরাভূত করা। আমি শান্তির পক্ষে কথা বলে যাব। শক্তিশালী বোমা দিয়ে মানুষ যা করতে পারে, তার চেয়ে কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে সংলাপের শক্তি।’

গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা একজন ব্রাজিলীয়কেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। কারণ, এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।’

কয়েক দিন আগে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন বামপন্থী এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে এটা যুদ্ধ নয়। এটা হলো গণহত্যা, যাতে প্রায় দুই হাজার শিশু নিহত হয়েছে। এই যুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই, তারা যুদ্ধের ভুক্তভোগী।’

সূত্র: মিডল ইস্ট মনিটর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *