SPORTS: রুদ্ধশ্বাস লড়াই করে অস্ট্রেলিয়ার কাছে হারল নিউজিল্যান্ড

৩৮৯ রানের লক্ষ্য নেমে শেষ বল পর্যন্ত লড়াই করে গেছে নিউজিল্যান্ড। কিন্তু শেষ বলে এসে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারলো নিউজিল্যান্ড। এই জয়ে সেমির লড়াইয়ে নিজেদের ভালোভাবেই টিকিয়ে রেখেছে প্রাট কামিন্স-স্টার্করা।
আজ শনিবার (২৮ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই জয়ের লক্ষ্যে ব্যাট করতে থাকেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ওপেনিং জুটিতে ৬১ রান করেন তারা।
১৭ বলে ২৮ রান করে আউট হয়ে যান কনওয়ে। এরপর ১১ রান তুলতে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার হ্যাজলউডের বলে স্টার্কের হাতে ক্যাচ হয়ে ফেরেন ইয়ং ৩২ রান করে।
এরপর দলের হাল ধরেন ডেরেইল মিচেল ও রাচিন রাবিন্দ্রা। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার সংগ্রহ করেন ৮৬ বলে ৯৬ রান। মিচেল তুলে নেন দুর্দান্ত ফিফটি। তবে ফিফটি করার পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৫১ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এডাম জাম্পার বলে স্টার্কের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
অধিনায়ক টম লাথামও ভালোই শুরু করেছিলেন। কিন্তু উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। জাম্পার বলে হ্যাজলউডের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ২২ বলে ২১ রান করেন তিনি।
চার উইকেট হারালেও নিউজিল্যান্ডের রান তোলার গতিতে তেমন কোনো প্রভাব ফেলতে দেননি। রান তাড়ায় দলকে এগিয়ে নিতে থাকেন রাবিন্দ্রা ও গ্লেন ফিলিপস।
এর আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলো অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শেষে ঝড় তুললেন নিউজিল্যান্ডের বোলাররা। ৬ উইকেটে ৩৮৭ রান থেকে ৩৮৮ রানেই অলআউট হয়ে গেলো অস্ট্রেলিয়ার ব্যাটাররা। মাত্র ১ রানের ব্যবধানে পড়লো ৪ উইকেট।
উল্লেখ্য, ৩টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং গ্লেন ফিলিপস। ২ উইকেট নেন মিচেল সান্তনার। ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি এবং জিমি নিশাম।