OMG! ভুয়ো নিয়োগপত্র হাতে নিয়ে স্কুলে শিক্ষকপদে যোগ দেওয়ার চেষ্টা! তারপর ….যা ঘটলো?

দক্ষিণ ২৪ পরগনায় ভুয়ো নিয়োগপত্র নিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে যোগদানের চেষ্টায় ধরা পড়লেন কয়েকজন। তবে পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই তাঁরা চম্পট দিয়েছেন।
সোমবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, বাসন্তী ও বারুইপুরের বেশ কিছু স্কুলে এমন ঘটনা ঘটেছে বলে খবর। সম্প্রতি আদালতের নির্দেশক্রমে এই জেলার প্যানেলভুক্ত দেড় হাজারের বেশি প্রার্থীকে নিয়োগপত্র দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই মতো তাঁরা ইতিমধ্যে স্কুলে যোগদান করতে শুরু করেছেন।
কিন্তু পাথরপ্রতিমার পূর্ব চক্র, বাসন্তীর দক্ষিণ চক্র এবং বারুইপুরের পদ্মপুকুরে ভুয়ো নিয়োগপত্র নিয়ে প্রতারণার চেষ্টা হয়েছে বলে অভিযোগ।
কীভাবে ধরা পড়লেন তাঁরা? জানা গেছে, যে নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগদান করতে গিয়েছিলেন তাঁরা, সত্যতা যাচাই করতে প্রধান শিক্ষকরা তা সংসদের অফিসে পাঠান। চেয়ারম্যান অজিত নায়েক বুঝতে পারেন, নিয়োগপত্রটি জাল। কারণ তার ফরম্যাট, সই ইত্যাদি কিছুই মিলছে না। সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
তিনি থানায় খবর দিতে গেলে তার মধ্যেই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় প্রার্থীরা।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, “এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা প্রধান শিক্ষক, স্কুল ইনসপেক্টরদের বলে দিয়েছি, এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনওরকম সন্দেহ হলেই যেন তা সংসদে জানানো হয়। আমরা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা তদন্ত করে দেখছে।”
পুলিশ জানায়, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। প্রার্থীদের গ্রেফতারের চেষ্টা চলছে।