SPORTS: ‘বিশ্বকাপ নয়, মনে হচ্ছে এটি কোনো দ্বিপাক্ষিক সিরিজ’

ভারতের মাটিতে দীর্ঘদিন পর উড়ন্ত ফর্মে ছিল পাকিস্তান ক্রিকেট দল। টানা দুই ম্যাচ জয়ের পর দলটি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হোঁচট খেয়েছে। রোহিত শর্মাদের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপের চিত্রটা অবশ্য বরাবরই তিক্ততার। আটবারের দেখায় কোনটিতেই তারা জয় পায়নি।
সর্বশেষ আহমেদাবাদে ভারতীয় দর্শকে ভর্তি গ্যালারির সামনেও অসহায় আত্মসমর্পণ করেছেন বাবর আজমরা। এরপর পুরো আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। তার ভাষায়, ‘মনে হচ্ছে বিশ্বকাপ নয়, এটি কোনো দ্বিপাক্ষিক সিরিজ।’

ক্রিকেটের বৃহত্তম আন্তর্জাতিক ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকের অধিকাংশই ছিল ভারতীয়। দীর্ঘদিন ভিসা না পাওয়া পাকিস্তানের সমর্থকদের সংখ্যা ছিল তাই হাতেগোনা কয়েকজন। এমনকি টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দুয়ো-ও শুনতে হয়েছে।

সব মিলিয়ে ভারতের পক্ষেই পুরো পরিবেশটা সাজানো হয়েছে বলে মত মিকি আর্থারের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি বলতে এটি দেখে ঠিক আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে কোনো দ্বিপাক্ষিক সিরিজ, যেন এটি বিসিসিআইয়ের ইভেন্ট। আজ রাতে লাউড স্পিকারে “দিল দিল পাকিস্তান” খুব একটা শুনিনি।’

যদিও বিষয়টিকে ঠিক অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না আর্থার। একইসঙ্গে এমন পরিবেশ তৈরির জন্য সরাসরি অভিযোগও করেননি সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার, ‘হ্যাঁ, (ম্যাচে) এটির ভূমিকা ছিল, তবে একে অজুহাত হিসেবে দেখাতে চাই না। কারণ, সবাইকে ওই নির্দিষ্ট মুহূর্তে বাঁচতে হয়।’

তিনি আরো বলেন, ‘পরবর্তী বলে কী হচ্ছে, কীভাবে ভারতীয়দের বিপক্ষে, ভারতের খেলোয়াড়দের বিপক্ষে লড়াই করব, সেটিই বড় ব্যাপার ছিল। এ (পুরো পরিবেশ) ব্যাপারে মন্তব্য করতে পারব বলে মনে হয় না। আমি জরিমানা দিতে চাই না।’

আগামী ১৯ নভেম্বরে একই ভেন্যুতে বিশ্বকাপের শিরোপানির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানেও ভারতের মুখোমুখি হওয়ার আশা করছেন আর্থার, ‘ভারত দলটি অনেক, অনেক ভালো একটা ক্রিকেট দল। আমার মনে হয় রাহুল (দ্রাবিড়) ও রোহিত (শর্মা) তাদের বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। তাদের দেখে বেশ ভালো মনে হচ্ছে। সবকিছুই আছে তাদের। ফাইনালে আবার তাদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *