সুপারহিট ‘জওয়ান’, অ্যাটলির টার্গেট এবার সালমান-আমির!

মুক্তির পর থেকেই রেকর্ড বন্যায় ভাসছে অ্যাটলি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করে রেকর্ড শুরু। যা এর আগে অন্য যে কোনো হিন্দি ছবির ক্ষেত্রে সর্বোচ্চ আয়!

তবে এখানেই শেষ নয়। মুক্তির পাঁচদিনে ছবি ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে আর বিশ্বজুড়ে ৫৫০ কোটিরও বেশি আয় করে ফেলেছে ছবিটি। ফলে বুঝতে আর বাকি নেই কেবল ভারত নয়, গোটা বিশ্বজুড়ে এই ছবিটি তুমুল সাড়া পাচ্ছে।

এদিকে ‘জওয়ান’র এমন সাফল্যের পর বলিউড প্রযোজকদের প্রথম পছন্দ অ্যাটলি। শোনা যাচ্ছে, যশরাজ থেকে শুরু করে করণ জোহর সবাই অ্যাটলিকে নিয়ে ছবি করার জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন।

অন্যদিকে, ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে অ্যাটলি নাকি পরের ছবি প্ল্যান করে ফেলেছেন। তিনি বলেছেন, শাহরুখের পর এবার সালমান, আমির, হৃতিকদের সঙ্গে কাজ করতে চান তিনি।

সম্প্রতি ‘জওয়ান’ সম্পর্কিত এক ইভেন্টে গিয়ে অ্যাটলি বলেন, ‘ভীষণ ভালো লাগছে, এটা সম্পূর্ণ ভাবে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আমাদের সহায় আছেন। আর আমরা চিত্রনির্মাতা হিসেবে যা করার করে দিয়েছি আর সেটা পর্দায় দর্শকদের দেখতে ভালো লাগছে বলেই তারা এতটা খুশি। এতটা ভালোবাসা দিচ্ছেন ছবিটিকে। আর সবটাই হচ্ছে শাহরুখ স্যারের জন্য। ধন্যবাদ শাহরুখ স্যার এবং রেড চিলিজকে এবং গত সাড়ে তিন বছর ধরে যারা আমাদের সঙ্গে কাজ করলেন তাদের ধন্যবাদ।’

একই সঙ্গে তিনি আরও জানান, ‘আপনারা আমাদের এতটা ভালোবাসা দিয়েছেন যা আমাদের আরও সাহস জোগাচ্ছে। আগামী ছবিতে আমরা আরও বড় কিছু নিয়ে আসব। আমি সবার সঙ্গেই কাজ করতে চাই, হোক সেটি সালমান স্যার, আমির স্যার কিংবা হৃতিক স্যার। এটা আমার প্রথম হিন্দি ছবি, আর তাতেই এত ভালোবাসা পেয়ে আমি ধন্য। অনেক ধন্যবাদ আমাদের ছবিকে সাপোর্ট করার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।’

বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি। সেই সঙ্গে সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *