পছন্দের বাইক কেনার জন্য অর্ধেক দামে নিজের বাড়ি বিক্রি করলেন তরুণ, আদালতে গেলেন মা-বাবা

দামী বাইক কিনতে চেয়েছিলেন এক তরুণ। কিন্তু রাজি হননি তার বাবা, মা। তাই উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি অর্ধেক দামে বিক্রি করে ফেলেন তিনি। সেই টাকায় বাইক কেনার পরিকল্পনা করেন। তরুণের এমন কাণ্ডে হতবাক তার পরিবার। সম্প্রতি চীনের মধ্য হেনান প্রদেশে ঘটেছে এই ঘটনা।
সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানায়, ১৮ বছরের এক তরুণ বাইক কিনতে চেয়েছিলেন। তাই তার বাবা-মায়ের কাছে আবদারও করেছিলেন। কিন্তু পুত্রের ইচ্ছেপূরণ করেননি তারা। তার পরেই কাউকে কিছু না-জানিয়ে দাদার থেকে পাওয়া ওই বাড়ি বিক্রি করেন তরুণ।

ওই সম্পত্তির বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। অথচ বাইক কিনবেন বলে ওই সম্পত্তি ৮৯ লাখ ২১ হাজার টাকাতেই বিক্রি করতে রাজি হয়ে যান তরুণ। এজেন্টদের সঙ্গে এই নিয়ে চুক্তিও সেরে ফেলেন তিনি।

পরে তরুণের মা বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে বিক্রি ঠেকাতে ওই এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বিক্রির চুক্তি বাতিল করার আর্জি জানান তরুণের মা। কিন্তু এজেন্টরা রাজি হননি। তার পরেই তরুণের বাবা, মা আদালতের দ্বারস্থ হন। শেষে আদালতের হস্তক্ষেপে ওই সম্পত্তি ফিরে পান তরুণের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *