অনশন তুলতে বড় শর্ত রাখলেন সোনম ওয়াংচুক, জেনেনিন কি বার্তা দিলেন দেশবাসীকে

দীর্ঘ ২০ দিন অতিক্রান্ত। আমরণ অনশনের জেরে শরীর শুকিয়ে কাঠ, ওজন কমেছে ৯ কেজিরও বেশি। চিকিৎসকরা ক্রমাগত সতর্কবার্তা দিচ্ছেন, কিন্তু অনড় সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে বসে শুক্রবার তিনি সাফ জানালেন, আগামী ২০ জুলাই সংসদ অভিযান সফল করতেই হবে। তাঁর কথায়, “আমি বেঁচে থাকব যাতে আপনাদের সঙ্গে সংসদ পর্যন্ত পদযাত্রা করতে পারি। আর যদি ২০ জুলাইয়ের কর্মসূচি সফল না হয়, তাহলে আমি ভূত হয়ে ফিরে আসব।”

কেন এই অনশন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় বড়সড় দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন এই বিখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী। গত ২৮ দিন ধরে চলছে সিজেপি (CJP)-র আন্দোলন, যার ২০তম দিনে পা দিলেন সোনম। সামনেই সংসদের বাদল অধিবেশন, আর সেই দিনটিকে কেন্দ্র করেই আন্দোলনের গতিপ্রকৃতি চূড়ান্ত করতে চাইছেন তিনি।

কী বললেন সোনম? সমর্থকদের উদ্দেশে সোনম বলেন, “বাইরে থেকে আমাকে দুর্বল মনে হতে পারে, কিন্তু আমি ভিতর থেকে অত্যন্ত শক্তিশালী। এই শক্তিই ২০ জুলাই আমাদের প্রয়োজন। গণতন্ত্রের মন্দিরে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাব।” সহানুভূতি নয়, বরং আন্দোলনে মানুষের সক্রিয় অংশগ্রহণই এখন বড় প্রয়োজন বলে মনে করছেন তিনি। অনশন ভাঙার অনুরোধ ফিরিয়ে দিয়ে তাঁর স্পষ্ট বার্তা, “কেন্দ্রের কাছ থেকে সদর্থক সাড়া না পাওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।”

স্বাস্থ্য নিয়ে উদ্বেগে চিকিৎসকরা বৃহস্পতিবারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় তাঁর ওজন আরও ৫০০ গ্রাম কমে ৫৬.৬৫ কেজিতে দাঁড়িয়েছে। রক্তচাপ ১০৫/৬১ mmHg, রক্তে শর্করার মাত্রা ৮০ mg/dL। যদিও তিনি মানসিকভাবে সজাগ রয়েছেন, তবুও চিকিৎসকদের মতে তাঁর শারীরিক অবস্থা যে কোনো মুহূর্তে সংকটজনক মোড় নিতে পারে।

আদালতের নজরে পরিস্থিতি সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি নিয়ে দিল্লি হাইকোর্টেও মামলা হয়েছে। আদালতের নির্দেশে কেন্দ্রীয় ও দিল্লি সরকার তাঁর স্বাস্থ্যের উপর কড়া নজর রাখছে। একদিকে কেন্দ্রের উদাসীনতা, অন্যদিকে সোনমের অনড় জেদ—এই পরিস্থিতিতে ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে রাজধানীর রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *