গোটা গেমটাই প্রি-প্ল্যানড!’ রাষ্ট্রপতি বিতর্ক নিয়ে এবার বিস্ফোরক মমতা, নিশানায় বিজেপি ও রাজভবন!

দার্জিলিংয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর এবং তাঁকে স্বাগত জানানো নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তাতে এবার পাল্টা কামড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তিনি দাবি করেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য তাঁর নয়, বরং রাজ্যপালের বাগডোগরা যাওয়ার কথা ছিল। গোটা বিষয়টিকে বিজেপির একটি ‘পূর্বপরিকল্পিত চক্রান্ত’ বা ‘প্রি-প্ল্যানড গেম’ বলে অভিহিত করেছেন তিনি।

ষড়যন্ত্রের তত্ত্ব মমতার মুখে: এদিন ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “কালকের গেমটা প্রি-প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতিকে দোষ দিই না। কিন্তু আমি জানতাম রাজ্যপালের বাগডোগরা যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে রিসিভ করতে। এটাই তো অরিজিনাল প্রোগ্রাম ছিল।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি করেছে যাতে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করা যায়। এমনকি প্রাক্তন রাজ্যপালের পদত্যাগ নিয়েও তিনি একটি ছোট তদন্তের দাবি তুলেছেন।

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ: বিজেপিকে আক্রমণ করতে গিয়ে ‘হ্যাংলা’ শব্দটিও ব্যবহার করেন মমতা। তিনি বলেন, “বাংলা দখল করতে এসে বিজেপি এখন হ্যাংলা হয়েছে। সব হোটেল বুকড করে ফেলেছে ওরা। রাজ্যপালকে কেন চলে যেতে হলো? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে।” তিনি আরও যোগ করেন যে, বিজেপি বিরোধী কণ্ঠস্বর রোধ করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে, যা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

নারী অধিকার ও ভোটার কার্ড বিতর্ক: ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, বিজেপি একটি ‘অ্যান্টি-মহিলা’ পার্টি। বহু মহিলার নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। এমনকি তাঁর নিজের পরিবারের এক সদস্যের নামও ঠিকানা পরিবর্তনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্যের পর রাষ্ট্রপতি সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে এক নতুন মাত্রা যোগ হলো।