‘বিজেপির রথযাত্রা নয়, এটা শেষযাত্রা!’ মমতার মারাত্মক ভবিষ্যদ্বাণীতে তোলপাড় বাংলা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক পারদ চড়ল কয়েক গুণ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ও ‘রথযাত্রা’ কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে তিনি একে ‘শেষযাত্রা’ বলে অভিহিত করেছেন। মমতার সাফ কথা, “ফাইভ স্টার হোটেলে থেকে রথযাত্রা হয় না। এটা আপনাদের বিনাশ যাত্রা হতে চলেছে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগের তিরে ছিল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় শাসক দল বিজেপিও। বিশেষ করে নিজের কেন্দ্র ভবানীপুরের ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। মমতা দাবি করেন, তাঁর কেন্দ্র থেকে পরিকল্পিতভাবে প্রায় ৬০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “দিল্লির নির্দেশে ভোটার তালিকা থেকে নাম কাটা হচ্ছে। ভবানীপুর একটি ছোট কেন্দ্র, সেখানে এত সংখ্যক নাম বাদ দেওয়া মানে গভীর ষড়যন্ত্র। আমি এই অমানবিক ও প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে প্রয়োজনে ধরনায় বসব।”
তৃণমূল সূত্রের খবর, ভবানীপুরে প্রায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম বাদ পড়েছে এবং আরও ১৪,১৫৪ জনের নাম ‘বিবেচনাধীন’ রাখা হয়েছে। এই পরিস্থিতির জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে মমতা বলেন, “ওরা ভীরু, তাই পিছন থেকে লড়াই করছে। তবে আমি আত্মবিশ্বাসী, এক ভোটে হলেও আমি ভবানীপুর থেকে জিতব। মানুষ এর জবাব দেবে।” এই ঘটনায় তিনি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন বলে জানান।
বক্তব্যের শেষে তিনি সব ধর্মের মানুষের কাছে নৈতিক সমর্থনের আবেদন জানান। মমতার এই আক্রমণাত্মক মেজাজ এবং ভোটার তালিকা নিয়ে তোলা প্রশ্ন নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।