পরপর শূন্য পেলেও দলে ‘সেফ’ অভিষেক! জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে একাদশে বড় রদবদল?

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতের। আগামীকাল, ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটি টিম ইন্ডিয়ার কাছে কার্যত কোয়ার্টার ফাইনাল। হারলেই বিদায়, আর জিতলেও তাকিয়ে থাকতে হবে নেট রান-রেটের দিকে। এই অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে বড়সড় বাজি ধরতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ব্যর্থতার পরেও কেন অভিষেক? চলতি বিশ্বকাপে ফর্মের ধারেকাছে নেই অভিষেক শর্মা। পরপর তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও রান পাননি। তা সত্ত্বেও জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবছে না দল। কারণ, সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারতকে শুধু জিতলে হবে না, জিততে হবে বিশাল ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজ ও প্রোটিয়াদের পজিটিভ রান-রেট টপকাতে অভিষেকের মতো বিধ্বংসী ওপেনারের দ্রুত রান তোলা অত্যন্ত জরুরি।
রিঙ্কুর বদলে অক্ষর, তিলকের ওপর কোপ: ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। ব্যক্তিগত কারণে দল ছেড়ে বাড়ি ফিরেছেন ফিনিশার রিঙ্কু সিং। তাঁর বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে থাকায় রিঙ্কু এই ম্যাচে থাকছেন না। তাঁর জায়গায় অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে একাদশে ফেরানো হতে পারে। অন্যদিকে, ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসনকে জায়গা দিতে বলি দেওয়া হতে পারে তিলক ভার্মাকে। তিলক খুব একটা খারাপ না খেললেও অভিষেকের ‘ইমপ্যাক্ট’ বেশি হওয়ায় তিলককেই বসতে হতে পারে।
জিম্বাবোয়ের মরণ-বাঁচন লড়াই: অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে উঠে চমক দেওয়া জিম্বাবোয়েও এই ম্যাচে মরিয়া। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ভারতের কাছে হারলে সিকান্দার রাজাদেরও বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে। ফলে বৃহস্পতিবারের এই হাই-ভোল্টেজ ম্যাচে দুই দলই ঝাঁপাবে জীবনপণ লড়াইয়ে।