উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে! হবু দম্পতিকে বিশেষ উপহার প্রধানমন্ত্রীর

রুপোলি পর্দার ‘গোপাল’ আর ‘লিলি’ এবার বাস্তব জীবনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে আইটিসি হোটেল মেমেন্টোসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দক্ষিণ ভারতীয় মেগাস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। এই মেগা ওয়েডিং-এর আগে হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর বার্তায় কী রয়েছে? বিজয় ও রশ্মিকার পরিবারের আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী একটি বিশেষ শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন। সেখানে তিনি নবদম্পতিকে আশীর্বাদ করে লিখেছেন, “সখা সপ্তপদ ভব”—অর্থাৎ সাত পাকে বাঁধা পড়ে তাঁরা যেন আজীবনের বন্ধু হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “সিনেমা জগতের জাদু ছাড়িয়ে তাঁদের বাস্তব জীবনের এই ঐশ্বরিক অধ্যায় আরও বেশি আনন্দ ও ভালোবাসায় ভরে উঠুক।”

বিয়ের প্রস্তুতি ও নিরাপত্তা: ইতিমধ্যেই উদয়পুরে শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। বিজয়ের মা মাধবী দেবেরাকোন্ডা তাঁর হবু পুত্রবধূ রশ্মিকাকে পারিবারিক উত্তরাধিকার হিসেবে সোনার চুড়ি উপহার দিয়েছেন। হাই-প্রোফাইল এই বিয়েকে ঘিরে উদয়পুরে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। হায়দরাবাদ থেকে আসা বিশেষ সুরক্ষা দল এবং স্থানীয় পুলিশ পুরো হোটেলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।