বিশ্বক্রিকেটে ধরাছোঁয়ার বাইরে ‘হারি’! ৩৫৬তম ম্যাচে পা রেখে অনন্য বিশ্বরেকর্ড হরমনপ্রীত কৌরের

ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে এক স্বর্ণালি অধ্যায় যোগ করলেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর। বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এটি হরমনপ্রীতের কেরিয়ারের ৩৫৬তম আন্তর্জাতিক ম্যাচ। এই মাইলফলক স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন। এই পথে তিনি টপকে গেলেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার সুজি বেটসকে (৩৫৫টি ম্যাচ)।

৩৬ বছর বয়সী হরমনপ্রীত, যাকে ক্রিকেট মহল ভালোবেসে ‘হ্যারি’ বলে ডাকে, বর্তমানে দেশের হয়ে ৬টি টেস্ট, ১৬১টি ওয়ানডে এবং ১৮৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে তিনি কেবল ব্যাট হাতে ৮ হাজারেরও বেশি রানই করেননি, বল হাতেও তুলে নিয়েছেন ৭৫টি উইকেট। ২০১২ সাল থেকে দলের নেতৃত্ব সামলানোর পাশাপাশি অধিনায়ক হিসেবেও সর্বাধিক ১৩৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার রেকর্ড এখন তাঁর ঝুলিতে।

গত বছর হরমনপ্রীতের নেতৃত্বেই ভারতীয় মহিলা দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছিল। চলতি বছর তাঁর নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ অভিযানে নামবে ভারত। অসামান্য ফিল্ডিং, বিধ্বংসী ব্যাটিং আর বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব— সব মিলিয়ে হরমনপ্রীত কৌর আজ বিশ্বক্রিকেটের এক মহীরুহ। ক্যানবেরার এই নজির তাঁর দীর্ঘদিনের লড়াই এবং একাগ্রতারই এক অনন্য স্বীকৃতি।