২৪ ঘণ্টার রহস্য শেষ! কলম্বোয় সলমন আগার বাড়িয়ে দেওয়া হাত ফেরালেন সূর্যকুমার যাদব

“হ্যান্ডশেক হোগা ক্যায়া?”—গত ২৪ ঘণ্টা ধরে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটিই। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব মুচকি হেসে বলেছিলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন, সব জানতে পারবেন।” সেই অপেক্ষার অবসান হলো রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। টসের মুদ্রা যখন আকাশে উড়ল, তখনই পরিষ্কার হয়ে গেল টিম ইন্ডিয়ার অনড় অবস্থান। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগার সঙ্গে করমর্দন বা হ্যান্ডশেক করলেন না সূর্যকুমার যাদব।

ম্যাচের আগে পাক অধিনায়ক সলমন আগা সৌজন্যের বার্তা দিয়ে বলেছিলেন, “ক্রিকেট যেভাবে খেলা হয়, সেভাবেই হওয়া উচিত। বাকিটা ওদের (ভারতীয় দলের) ওপর।” কিন্তু সূর্য বুঝিয়ে দিলেন, মাঠের লড়াই আর দেশের প্রতিবাদ—দুটোকে আলাদা করছে না ভারত। সীমান্তে অস্থিরতা এবং প্রতিবেশী দেশের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে ক্রিকেটীয় সৌজন্য বিসর্জন দিয়েই নিজেদের প্রতিবাদ জারি রাখল মেন ইন ব্লু।

টসের সময় দুই অধিনায়কের মধ্যে সেই চিরাচরিত সৌজন্যের বদলে এক ধরণের শীতলতা কাজ করছিল। সূর্যকুমার যাদব কেবল টসেই অংশ নেননি, বরং তাঁর শরীরী ভাষায় এক ধরণের কড়া বারর্তা ছিল স্পষ্ট। যদিও টস ভাগ্য সলমন আগার দিকেই গিয়েছে এবং তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে টস হারলেও সূর্যকুমারের চোখেমুখে ছিল আত্মবিশ্বাস। তিনি সাফ জানিয়ে দেন, ভারত প্রথমে ব্যাটিং করতেই প্রস্তুত ছিল। অভিষেক শর্মা ও কুলদীপ যাদবকে নিয়ে গড়া ভারতের এই নতুন একাদশ এবার পাকিস্তানের বোলিং আক্রমণকে কতটা চাপে ফেলতে পারে, সেটাই দেখার। মাঠের লড়াই শুরুর আগেই ‘হ্যান্ডশেক’ বিতর্ক ম্যাচকে এক অনন্য মাত্রা দিয়ে দিল।