“ফ্রিজে রাখলেই শেষ!”-গরমে স্মার্টফোন ঠান্ডা রাখার এই ভুলটি ভুলেও করবেন না, জানুন কেন?

গ্রীষ্মের প্রখর রোদে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে তা দ্রুত উত্তপ্ত হয়ে ব্যাটারি ও ডিসপ্লের বারোটা বাজিয়ে দিতে পারে। তাই রোদের মধ্যে সরাসরি ফোন ব্যবহার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বাইরে থাকলে চেষ্টা করুন ছায়াযুক্ত স্থানে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাজটি সারতে।
চার্জিংয়ে বিশেষ সতর্কতা ফোন গরম থাকা অবস্থায় কখনোই চার্জে দেবেন না। এতে ব্যাটারির ওপর দ্বিগুণ চাপ পড়ে এবং ঝুঁকি বাড়ে। আগে ফোনের তাপমাত্রা স্বাভাবিক হতে দিন, তারপর চার্জে বসান। এছাড়া সারারাত ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস এই গরমে বর্জন করা জরুরি।
কভার নির্বাচনে বুদ্ধিমত্তা শখের ফোন বাঁচাতে আমরা অনেকেই মোটা বা সিলিকনের কভার ব্যবহার করি। কিন্তু গরমে এই কভারই কাল হয়ে দাঁড়ায়। মোটা কভার ফোনের ভেতরের তাপ বের হতে বাধা দেয়, ফলে ফোন ভেতর থেকে গরম হয়ে যায়। এই সময়ে পাতলা কভার ব্যবহার করুন অথবা চার্জ দেওয়ার সময় বা গেম খেলার সময় কভারটি খুলে রাখুন।
অপ্রয়োজনীয় অ্যাপ ও সেটিংস বন্ধ রাখুন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে চলতে থাকলে প্রসেসরের ওপর চাপ পড়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া কাজ শেষ হওয়ার পর ব্লুটুথ, জিপিএস বা ওয়াইফাই বন্ধ রাখার চেষ্টা করুন। এতে প্রসেসরের কাজ কমে এবং ডিভাইস ঠান্ডা থাকে।
সবচেয়ে বড় ভুল: ফ্রিজে রাখা! অনেকেই ফোন খুব গরম হয়ে গেলে দ্রুত ঠান্ডা করতে ফ্রিজে রেখে দেন। এটি স্মার্টফোনের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’-এর মতো। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডায় ফোনের ভেতরে জলীয় বাষ্প জমে সার্কিট নষ্ট হয়ে যেতে পারে। ফোন বেশি গরম হলে সেটি বন্ধ করে সরাসরি ফ্যানের নিচে বা কোনো ঠান্ডা জায়গায় কিছুক্ষণ রেখে দিন।
সামান্য সচেতনতা আর সঠিক যত্নে এই অসহ্য গরমেও আপনার স্মার্টফোন থাকবে সুরক্ষিত এবং সচল। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই স্মার্টফোন দীর্ঘস্থায়ী করার সেরা উপায়।