“মুখ ফুটে বললেই লেখা হয়ে যাবে সব”-গুগলের নতুন AI অ্যাপে তাকলাগানো ফিচার

দীর্ঘক্ষণ কি-বোর্ডে আঙুল চালানোর ক্লান্তি থেকে এবার মুক্তি মিলতে চলেছে। গুগল নিয়ে এসেছে এক অত্যাধুনিক এআই অ্যাপ, যা আপনার মুখের কথাকে নিমেষের মধ্যে নিখুঁত লেখায় রূপান্তর করবে। গুগলের নিজস্ব এআই মডেল ‘জেমিনি’ (Gemini AI) চালিত এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘গুগল এআই এজ এলোকুয়েন্ট’ (Google AI Edge Eloquent)।
লাইভ ট্রান্সক্রিপশন ও অফলাইন সুবিধা: এই অ্যাপটির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর রিয়েল-টাইম কাজ করার ক্ষমতা। আপনি কথা বলা শুরু করলেই এটি সক্রিয় হয়ে যাবে এবং লাইভ ট্রান্সক্রিপশন মোডে আপনার প্রতিটি শব্দকে টেক্সটে বদলে দেবে। মজার বিষয় হলো, এটি ব্যবহারের জন্য সবসময় ইন্টারনেটের প্রয়োজন হবে না। অ্যাপল ডিভাইস বা আইফোনে এটি সম্পূর্ণ অফলাইন মোডেও ব্যবহার করা যাবে, যা গোপনীয়তা ও গতির দিক থেকে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে।
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? গুগল জানিয়েছে, এতে ব্যবহার করা হয়েছে উন্নত ‘অটোমেটিক স্পিচ রেকগনিশন’ বা এএসআর (ASR) প্রযুক্তি। এটি শুধু আপনার কথা শুনে লিখে দেবে তাই নয়, বরং সাধারণ কথাবার্তাকে পেশাদার লেখনীতে রূপান্তর করতেও সক্ষম। ক্লাউড মোড চালু থাকলে গুগলের সার্ভার ব্যবহার করে এটি আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে। তবে যারা ইন্টারনেটের বাইরে কাজ করতে চান, তারা ফোনে এআই মডেল ডাউনলোড করে নিলেই কেল্লাফতে!
প্রতিযোগিতায় কেন এগিয়ে গুগল? বর্তমানে বাজারে স্পিচ-টু-টেক্সট অ্যাপের অভাব নেই, কিন্তু সেগুলোর নির্ভুলতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। গুগল দাবি করছে, তাদের উন্নত এআই মডেল আঞ্চলিক উচ্চারণ এবং জটিল বাক্য বুঝতেও অনেক বেশি দক্ষ। নোট নেওয়া, বক্তৃতা লেখা বা চ্যাট করার ক্ষেত্রে এই অ্যাপটি আগামী দিনে অপরিহার্য হয়ে উঠতে পারে।