বাজারে আসার ৩ মাসেই ট্রাইফোল্ডের বিক্রি বন্ধ করল স্যামসাং, জেনেনিন কেন?

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে তিন ভাঁজ করা ১০ ইঞ্চির ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ বাজারে এনেছিল স্যামসাং। কিন্তু লঞ্চের মাত্র তিন মাসের মাথায় এই প্রিমিয়াম ডিভাইসের উৎপাদন ও বিক্রি বন্ধের পথে হাঁটছে দক্ষিণ কোরীয় এই টেক জায়ান্ট। কোরীয় সংবাদপত্র ‘ডং-এ ইলবো’-র একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
কেন এমন আকস্মিক সিদ্ধান্ত?
টেক বিশেষজ্ঞদের মতে, এই ফোনটি বাণিজ্যিকভাবে লাভ করার জন্য নয়, বরং স্যামসাংয়ের কারিগরি দক্ষতা দেখানোর জন্য ‘লিমিটেড এডিশন’ হিসেবে আনা হয়েছিল। বন্ধ হওয়ার নেপথ্যে মূলত তিনটি কারণ উঠে আসছে:
-
উৎপাদন খরচ: ডি-র্যাম (DRAM) এবং ন্যান্ড ফ্ল্যাশের মতো যন্ত্রাংশের দাম আকাশছোঁয়া হওয়ায় ৩,০০০ ডলারের (প্রায় ২.৫ লাখ টাকা) এই ফোনে কোম্পানির লাভের মার্জিন প্রায় শূন্য।
-
মজবুত করার চ্যালেঞ্জ: ট্রাইফোল্ডের জটিল দুটি হিঞ্জ এবং বিশাল ফোল্ডেবল স্ক্রিন বড় পরিসরে উৎপাদনের জন্য যথেষ্ট টেকসই নয় বলে মনে করছে কোম্পানি।
-
পরীক্ষামূলক মডেল: এটি কেবল একটি ‘প্রুফ অফ কনসেপ্ট’ বা প্রযুক্তি প্রদর্শনী ছিল। সেই কারণেই হয়তো রিভিউ করার জন্য সংবাদমাধ্যমের কাছে কোনও ইউনিট পাঠানো হয়নি।
স্টক শেষ হতেই অমিল!
জানুয়ারিতে আমেরিকার বাজারে আসার পর ফোনটি প্রতিবারই কয়েক মিনিটের মধ্যে ‘সোল্ড আউট’ হয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, প্রথম দুই দফায় মাত্র ৩,০০০ ইউনিট বিক্রি করেছিল স্যামসাং। বর্তমানে স্টকে থাকা হাতেগোনা কিছু ফোন শেষ হয়ে গেলেই বাজার থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে এই ট্রাইফোল্ড ম্যাজিক।
আশ্চর্যের বিষয়: সেকেন্ডারি মার্কেট বা পুরনো ফোন কেনাবেচার বাজারে এই ফোনের চাহিদা এখন তুঙ্গে। কোথাও কোথাও খুচরা মূল্যের চেয়েও প্রায় তিন গুণ বেশি দামে এটি হাতবদল হচ্ছে।
স্যামসাং এখনও সরকারিভাবে কোনও বিবৃতি না দিলেও, তাদের ওয়েবসাইট থেকে ভবিষ্যতে আর রিস্টক না করার ইঙ্গিত মিলেছে। ফলে যারা এই অদ্ভুত ফোনটি কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য সুযোগ সম্ভবত চিরতরে শেষ হতে চলেছে।