চার্জ থাকছে না ফোনে? এবার প্লে স্টোর ধরিয়ে দেবে আসল অপরাধীকে, জেনেনিন পদ্ধতি

স্মার্টফোন ব্যবহারকারীদের চিরকালের মাথাব্যথা হলো ব্যাটারির আয়ু। অনেক সময় নতুন অ্যাপ ইনস্টল করার পরেই দেখা যায় ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে গুগল তাদের প্লে স্টোরে (Google Play Store) এক অভাবনীয় পরিবর্তন আনছে। এখন থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার আগেই আপনি সেখানে একটি বিশেষ ‘সতর্কতা লেবেল’ দেখতে পাবেন।
কীভাবে কাজ করবে এই ফিচার? যদি কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত ডাটা সিঙ্ক, লোকেশন ট্র্যাকিং বা অন্যান্য কার্যকলাপের মাধ্যমে স্বাভাবিকের চেয়ে বেশি ব্যাটারি খরচ করে, তবে গুগল প্লে স্টোর সেই অ্যাপের বিবরণে লাল কালিতে একটি সতর্কবার্তা দেবে। সেখানে লেখা থাকবে—”এই অ্যাপটি উচ্চমাত্রার ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটির কারণে প্রত্যাশার চেয়ে বেশি চার্জ খরচ করতে পারে।”
ব্যতিক্রমী অ্যাপ কারা? তবে সব অ্যাপের ক্ষেত্রে গুগল এই কড়াকড়ি করবে না। মিউজিক প্লেয়ার, ফাইল ট্রান্সফার অ্যাপ বা লাইভ নোটিফিকেশন নির্ভর (যেমন রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারি) অ্যাপগুলো স্বভাবতই কিছুটা বেশি ব্যাটারি ব্যবহার করে। এই ধরনের প্রয়োজনীয় সার্ভিসগুলোকে বিশেষ ছাড় দেওয়া হতে পারে।
ডেভেলপারদের জন্য কড়া বার্তা: গুগল সাফ জানিয়ে দিয়েছে, অ্যাপ নির্মাতাদের বা ডেভেলপারদের একটি নির্দিষ্ট ‘এনার্জি মেট্রিক’ মেনে চলতে হবে। যদি কোনো অ্যাপ সেই সীমা অতিক্রম করে এবং তা সংশোধন করা না হয়, তবে প্লে স্টোরে সেই অ্যাপের দৃশ্যমানতা কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ, মান ভালো না হলে অ্যাপটি আর সহজে খুঁজে পাবেন না ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞদের মত: প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচারের ফলে শুধু ব্যবহারকারীরাই উপকৃত হবেন না, বরং অ্যাপ ডেভেলপাররাও তাঁদের অ্যাপকে আরও ব্যাটারি-সাশ্রয়ী এবং দক্ষ করে তুলতে বাধ্য হবেন। ফলে আপনার সাধের স্মার্টফোনটির আয়ু বাড়বে আরও কয়েক বছর।