WhatsApp-বন্ধ হবে SIM কার্ড বের করলেই, জেনেনিন নয়া আপডেট?

নয়াদিল্লি: এতদিন ফোনে অ্যাক্টিভ সিম কার্ড না থাকলেও ওয়াই-ফাই বা অন্য ইন্টারনেটের মাধ্যমে দিব্যি চলত হোয়াটসঅ্যাপ। কিন্তু সেই দিন এবার শেষ হতে চলেছে। ভারত সরকারের কড়া নির্দেশ মেনে এবার ‘সিম বাইন্ডিং’ (SIM Binding) নিয়ম চালু করতে চলেছে বিশ্বের জনপ্রিয়তম এই মেসেজিং প্ল্যাটফর্ম।

কী এই নতুন নিয়ম? হোয়াটসঅ্যাপের গতিবিধি নজর রাখা সংস্থা Wabetainfo জানিয়েছে, অ্যান্ড্রয়েডের লেটেস্ট বিটা আপডেটে (সংস্করণ ২.২৬.৮.৬) এই নতুন ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যে নম্বরে খোলা, সেই সিম কার্ডটি সংশ্লিষ্ট ফোনে অ্যাক্টিভ অবস্থায় থাকতে হবে। ফোন থেকে সিম বের করে নিলে বা সিমটি ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ পরিষেবা।

কেন এই কড়াকড়ি? ভারত সরকারের টেলিকমিউনিকেশন দফতরের (DoT) মতে, সাইবার অপরাধ এবং ওটিপি (OTP) জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ। বর্তমানে অনেক সময় পুরনো বা বন্ধ হয়ে যাওয়া নম্বর ব্যবহার করে স্ক্যামাররা অপরাধমূলক কাজ চালায়। সিম বাইন্ডিং কার্যকর হলে:

  • শুধুমাত্র বৈধ সিম কার্ড থাকলেই অ্যাকাউন্ট কাজ করবে।

  • সাইবার প্রতারকদের রোখা সহজ হবে।

  • পুরনো নম্বরের অপব্যবহার বন্ধ হবে।

ইউপিআই-এর পথেই হোয়াটসঅ্যাপ: ইতিমধ্যেই গুগল পে (Google Pay) বা ফোন পে (PhonePe)-র মতো ইউপিআই অ্যাপগুলোতে এই সিম বাইন্ডিং নিয়ম চালু আছে। এবার সেই একই সুরক্ষা কবজ দেখা যাবে হোয়াটসঅ্যাপেও। বর্তমানে শুধুমাত্র ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড দিয়ে লগইন করা গেলেও, ভবিষ্যতে প্রতি মুহূর্তে অ্যাপটি যাচাই করবে ফোনে সঠিক সিমটি রয়েছে কি না।

কবে থেকে কার্যকর? বর্তমানে ফিচারটি বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই ভারতের সমস্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য এই আপডেটটি রোল-আউট করা হতে পারে বলে মনে করা হচ্ছে।