“৩০০ টাকার ডোমেন ৬৩৪ কোটিতে বিক্রি”- নামের আদ্যক্ষরের প্রতি টানেই হলো লক্ষ্মীলাভ

ব্যবসায়িক বুদ্ধিতে কোটিপতি হওয়ার গল্প অনেক থাকলেও, স্রেফ নিজের নামের আদ্যক্ষরের প্রতি টান যে কাউকে কয়েক দশকে ৬৩৪ কোটির মালিক করে দিতে পারে, তা বোধহয় রূপকথাকেও হার মানায়। ১৯৯৩ সালে মালয়েশিয়ার ১০ বছরের এক কিশোর আরসিয়ান ইসমাইল ঝোঁকের মাথায় মায়ের ক্রেডিট কার্ড থেকে মাত্র ১০০ ডলার (তৎকালীন হিসেবে প্রায় ৩০০ টাকা) খরচ করে কিনে ফেলেছিলেন ‘AI.com’ ডোমেনটি। আজ ২০২৫-এ এসে সেই সামান্য লগ্নিই পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ডিজিটাল সম্পদে।
নামের প্রতি টান থেকে বিশ্বরেকর্ড
ইন্টারনেটের আদি যুগে যখন মালয়েশিয়ায় নেট-দুনিয়ার চলই ছিল না, তখন আরসিয়ান এই ডোমেনটি কিনেছিলেন কৃত্রিম মেধার কোনো দূরদর্শী চিন্তা থেকে নয়। তাঁর নাম ‘Arsyan Ismail’—তাই নিজের নামের আদ্যক্ষরের (A.I.) সঙ্গে মিল দেখে শখের বসে এটি কেনা। কিন্তু সময় যত গড়িয়েছে, প্রযুক্তি বিশ্বে ‘Artificial Intelligence’ বা AI-এর গুরুত্ব তত বেড়েছে। বড় বড় টেক জায়ান্টরা যখন এই নামের দখল নিতে মরিয়া, ঠিক তখনই বাজিমাত করলেন আরসিয়ান।
৬৩৪ কোটির অবিশ্বাস্য ডিল
ক্রিপ্টো ডট কম-এর সিইও ক্রিস মার্সজালেকের কাছে ৭০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩৪ কোটি টাকায় ডোমেনটি বিক্রি করেছেন আরসিয়ান। যদিও শোনা যাচ্ছে, ডোমেনটি বিক্রির সময় ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত প্রস্তাব এসেছিল তাঁর হাতে। কিন্তু অতি-লোভে পা না দিয়ে ৭০ মিলিয়ন ডলারে বিক্রির চুক্তিতেই রাজি হয়ে যান তিনি। আরসিয়ানের রসিকতা ভরা উক্তি:
“বিলিয়নেয়ারদের সঙ্গে বেশি দরাদরি করতে নেই।”
ভাঙল ১৫ বছরের পুরনো রেকর্ড
পুরো লেনদেনটি হয়েছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এটি ইন্টারনেটের ইতিহাসে এ যাবৎকালের বৃহত্তম পাবলিক ডোমেন সেল হিসেবে নথিবদ্ধ হলো। ২০১০ সালে ‘CarInsurance.com’ ৪৯.৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে যে রেকর্ড গড়েছিল, তাকে অনায়াসে ছাপিয়ে গেলেন এই মালয় উদ্যোক্তা। সুপার বোল-এর মেগা মঞ্চে ক্রিপ্টো ডট কম যখন তাদের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা করল, তখনই দুনিয়া বুঝল আরসিয়ানের সেই ১৯৯৩ সালের ‘শখের বিনিয়োগ’ আসলে কত বড় মাস্টারস্ট্রোক ছিল।